‘আইপিএলে বেশি টাকা, তাই পিএসএলে খেলো না?’

নিউজিল্যান্ডের ক্রিকেটার জিমি নিশাম।ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএল মানেই ক্রিকেটারদের জন্য কাড়ি কাড়ি টাকা রোজগারের হাতছানি। বর্তমান সময়ে বিশ্বের সব বড় ক্রিকেটারই আইপিএল খেলার জন্য উন্মুখ হয়ে থাকেন, এ নিয়ে কারওই সন্দেহ থাকার কথা নয়। আইপিএলে অংশগ্রহণ করার জন্য জাতীয় দল থেকে বিশ্রাম চাওয়ার নজিরও আছে। টাকার ঝনঝনানি শোনানো আইপিএলে খেলার জন্য যে আগ্রহ, ঠিক অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ক্রিকেটারদের ক্ষেত্রে তা দেখা যায় না। এমনকি ভারতের প্রতিবেশী পাকিস্তানের নিজস্ব টি-টোয়েন্টি লিগ পিএসএলেও দেখা যায় না অনেক ক্রিকেটারকে।


ব্যাপারটা অনেক ক্রিকেটারের ক্ষেত্রেই যায়, কিন্তু বেচারা জিমি নিশামকেই কিনা এ নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হলো। নিউজিল্যান্ডের অলরাউন্ডারের প্রতি এক পাকিস্তানি সমর্থক তো অভিযোগই তুলেছেন—আইপিএলে বেশি টাকা পাও, তাই পিএসএলে খেলো না।

ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে জিমির চাহিদা দারুণ। আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমান নাম দিল্লি ক্যাপিটালস) ও কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলেছেন। এবার চলতি মাস থেকে আরব আমিরাতে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে খেলবেন কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে। ৫০ লাখ রুপির ভিত্তিমূল্যে তাঁকে কিনে নিয়েছে প্রীতি জিনতার দল। ভারতের আইপিএলে নিয়মিত দেখা গেলেও প্রতিবেশী পাকিস্তানের পিএসএলে কখনোই খেলতে দেখা যায়নি জিমিকে।


এ নিয়েই টুইটারে আজ আলী হায়দার নামে এক পাকিস্তানি ক্রিকেটভক্ত জিমিকে ট্যাগ করে প্রশ্ন করলেন, ‘তুমি আইপিএলে খেলো কিন্তু পিএসএলে খেলো না কেন?’ টুইটেই নিজেই আবার ‘বিশ্লেষণাত্মক’একটা সম্ভাব্য উত্তর জুড়ে দিয়েছেন আলী, ‘আইপিএল তোমাকে বেশি টাকা আর সুনাম এনে দেয়, সে কারণে তুমি পিএসএলে খেলছ না। দুঃখজনক।’

তা ধুমধাড়াক্কা চার-ছক্কা মারার পাশাপাশি টুইটারে জিমির দারুণ সব রসাত্মক টুইট আর জবাব তো কিউই অলরাউন্ডারকে দারুণ জনপ্রিয় বানিয়ে রেখেছে টুইটারে। পাকিস্তানি ক্রিকেটভক্তের টুইটের জবাবে তিনি কী লেখেন, তা নিয়ে আগ্রহ ছিল অনেকের। ওই টুইটটা রিটুইট করে জিমি অবশ্য সরাসরি লিখে দিয়েছেন, ‘অথবা এটাও হতে পারে যে পিএসএল আমাদের গ্রীষ্মকালীন সিরিজগুলোর মাঝে পড়ে।’


শুধু জিমি নয়, এবার নিউজিল্যান্ডের বেশ কয়েকজন ক্রিকেটারকে দেখা যাবে আইপিএলে। কলকাতা নাইট রাইডার্সে লকি ফার্গুসন, মুম্বাই ইন্ডিয়ানসে ট্রেন্ট বোল্ট ও মিচেল ম্যাকলেনাহান, সানরাইজার্স হায়দরাবাদে কেন উইলিয়ামসন এবং চেন্নাই সুপার কিংসে খেলবেন মিচেল স্যান্টনার।

১৯ সেপ্টেম্বর আরব আমিরাতে শুরু হবে আইপিএল। কিন্তু যে করোনার ভয়ে ভারতে আয়োজন না করে মরু দেশে শুরু হতে যাচ্ছে টুর্নামেন্ট, সেই করোনাই হানা দিয়েছে আইপিএলে। এরই মধ্যে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বেশ কজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা-শঙ্কায় সিএসকে-র ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না তো দেশেই ফিরে এসেছেন বলে শোনা যায়।