বিশ্বের সবচেয়ে দ্রুতগতির পেসার আর্চার?

>প্রাথমিক দলে সুযোগ না পাওয়া জফরা আর্চারই এখন বোলিংয়ে ইংল্যান্ডের ত্রাণকর্তা। অভিজ্ঞ অলরাউন্ডার মঈন আলী-ও আর্চারে মুগ্ধ, তাঁর গতির প্রশংসা করে বললেন, আর্চারের মতো গতিময় কোনো বোলারের মুখোমুখি হননি কখনো।
এবারের বিশ্বকাপ মাতাবেন কারা? কোন তরুণ ক্রিকেটারের আলোয় আলোকিত হবে বিশ্বকাপ? জল্পনা-কল্পনার কোনো শেষ ছিল না এই প্রশ্নগুলোকে নিয়ে। তবে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই তরুণ ইংলিশ অলরাউন্ডার জফরা আর্চার যে খেল দেখালেন, তাতে মনে হয় না প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুব একটা বেগ পেতে হবে ক্রিকেটপ্রেমীদের।
৭ ওভার ধরে ওভালের ২২ গজে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের নাজেহাল করে দিয়েছেন আর্চার। প্রায় ৯১ মাইল গতির এক বলে হাশিম আমলাকে আহত করে কিছু সময়ের জন্য প্যাভিলিয়নে পাঠিয়ে দিয়েছিলেন। আর কিপটে বোলিংয়ের সঙ্গে তুলে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি, এইডান মার্করাম এবং ফন ডার ডুসেনের উইকেট।
ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র বার্বাডোজে জন্ম নেওয়া এই ক্রিকেটার সদ্যই পেয়েছেন ইংল্যান্ডের হয়ে খেলার ছাড়পত্র। ২০১৯ বিশ্বকাপের প্রাথমিক দলে জায়গা হয়নি তাঁর। কিন্তু সাবেক ক্রিকেটারদের চাওয়া এবং মিডিয়ায় তাঁকে নিয়ে অত্যধিক হইচই ডেভিড উইলির কপাল পুড়িয়ে তাঁকে দলে জায়গা এনে দিয়েছে।
গত মেতে একদিনের ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে আর্চারের অভিষেক আয়ারল্যান্ডের বিপক্ষে। অভিষেকের পর থেকেই বাজিমাত করে চলেছেন। বল হাতে তাঁর বিদ্যুৎ গতি এবং ব্যাট হাতে পিঞ্চ হিটিংয়ের সক্ষমতা, দলের জন্য একটি লোভনীয় প্যাকেজ হিসেবেই পরিগণিত হচ্ছেন আর্চার। মূলত আর্চার গতি দিয়ে যেভাবে বিশ্বসেরা ব্যাটসম্যানদের ধরাশায়ী করছেন সেটা মনে ধরেছে ইংলিশ অলরাউন্ডার মঈন আলীর, ‘জফরা দারুণ। তাঁর গতি দিয়ে ভালো ব্যাটসম্যানদেরও বাজে শট খেলতে বাধ্য করে সে। তাঁর চেয়ে বেশি গতিতে বল করা কোনো বোলারের মুখোমুখি হইনি আমি।’ কাগিসো রাবাদা, মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদের খেলা এক ব্যাটসম্যানের কাছ থেকে এমন প্রশংসাপত্র পাওয়া কঠিনই।
এবারের ক্রিকেট বিশ্বকাপের অন্যতম শীর্ষ ফেবারিট ইংল্যান্ড। ইংলিশরা ঘরের মাঠেই প্রথমবারের মতো ছুঁয়ে দেখতে পারবে পরম আরাধ্য সেই বিশ্বকাপের ট্রফি, এমন ভবিষ্যদ্বাণী করছেন অনেকে। আর সেই পথে যেতে আর্চারের ভূমিকা কেমন হবে তাও বাতলে দিলেন মঈন, ‘সে যা করে তা অবিশ্বাস্য, দলকে অনেক শক্তিশালী করেছে তাঁর অন্তর্ভুক্তি। সে যদি বোলিংয়ের সঙ্গে সুযোগ পেলে ব্যাটিংয়েও কিছু রান করতে পারে, তাহলে দারুণ হবে। তাঁর মতো খেলোয়াড় দলে থাকাটাও একটা বড় প্রাপ্তি।’
বিশ্বকাপের ২২ গজে গতির ঝড় তুলতে রাবাদা, বোল্ট, আমিরদের দিকেই তাকিয়ে থাকার কথা সমর্থকদের, কিন্তু নিয়মিত ৯০ মাইলের বেশি গতিতে বোলিং করা আর্চার জানান দিচ্ছেন, গতি দিয়ে ব্যাটসম্যানদের কুপোকাত করতে তিনিও সমানভাবে তৈরি। বিশ্বকাপে আর্চারে ভর করে কত দূর যাবে ইংল্যান্ড, সেটাই এখন দেখার বিষয়।