বিশ্রাম শেষে পুনর্বাসন প্রক্রিয়ায় মুস্তাফিজ

সাতক্ষীরায় নয় দিনের ছুটি কাটিয়ে মুস্তাফিজুর রহমান কাল রাতেই ফিরেছেন ঢাকায়। আজ বেলা ১১টায় ঢুকলেন ফিজিও বায়েজিদুল ইসলামের কক্ষে। সেখানে এলেন বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও ট্রেনার মারিও ভিল্লাভারায়ান। দুপুর ১২টায় তাঁকে নিয়ে জিমে গেলেন কোচ, ফিজিও ও ট্রেনার। পরীক্ষা-নিরীক্ষা শেষে ঠিক করা হলো বাংলাদেশের পেস-সেনসেশনের পরবর্তী করণীয়।
আইপিএল থেকে দুটি চোট নিয়ে ফিরেছেন মুস্তাফিজ। একটি সমস্যা ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে, অন্যটি অ্যাঙ্কেলের নিচের দিকে। বায়েজিদ বলেন, ‘কয়েক দিনের ছুটিতে খানিকটা উন্নতি হয়েছে মুস্তাফিজের। আইপিএল থেকে ফেরার পর একবার ও আজ আরেকবার মুস্তাফিজকে দেখলাম আমরা। কিছুদিন বাড়িতে বিশ্রামে ছিল। যতটুকু দেখলাম, আগের তুলনায় বেশ কয়েকটি জায়গায় উন্নতি করেছে। তবে আজ থেকে ওর পুনর্বাসন প্রক্রিয়ার কাজটা পুরোপুরি শুরু হলো।’
কত দিনের মধ্যে মুস্তাফিজ সেরে উঠতে পারবেন, এটা অবশ্য পরিষ্কার বলতে পারেননি ফিজিও, ‘মুস্তাফিজের ছোটখাটো কিছু সমস্যা আছে। এ মুহূর্তে আসলে বলতে পারছি না, সেরে উঠতে কত দিন সময় লাগবে তার। এটা একেক খেলোয়াড়ের ক্ষেত্রে একেক রকম। কার ক্ষেত্রে কেমন কাজ করে, সেটাই দেখার বিষয়। আমরা চিন্তা করেছি ওকে প্রতি সপ্তাহে মূল্যায়ন করব। প্রতি সপ্তাহে সে কতটুকু উন্নতি করেছে, সেটার ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেব।’
মুস্তাফিজ আবার মাঠে নামতে পারবেন কবে? যেহেতু পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন, তাই এ ব্যাপারে নিশ্চিত করে বলতে পারছেন না কেউই। তবে মাঠে যেদিনই নামুন, আগামী সাত দিন তিনি বোলিং করতে পারবেন না বলেই জানালেন বায়েজিদ। তাঁর উন্নতির ওপরই নাকি নির্ভর করছে সবকিছু, ‘প্রথম সপ্তাহে মাঠে নামার কোনো সম্ভাবনাই দেখছি না। ভালো অবস্থায় গেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’