বিষম চাপে বিমর্ষ ওয়াকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসবাহ-উল-হক ও ওয়াকার ইউনিস। অনুশীলনে পাকিস্তানের অধিনায়ক ও কোচের এই ছবিটাই কাল তুলে ধরল দলটির মানসিক অবস্থা l প্রথম আলো
মিসবাহ-উল-হক ও ওয়াকার ইউনিস। অনুশীলনে পাকিস্তানের অধিনায়ক ও কোচের এই ছবিটাই কাল তুলে ধরল দলটির মানসিক অবস্থা l প্রথম আলো

সপ্তাহ তিনেক আগে বাংলাদেশে আসার পর প্রথম অনুশীলনে তাঁর মুখটা ছিল বেশ ঝলমলে। পরের তিন সপ্তাহে তিনটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি আর একটি টেস্ট দুই দেশের ক্রিকেটের ছবিটা যেমন বদলে দিয়েছে, বদলে দিয়েছে ওয়াকার ইউনিসের মুখটাও। দ্বিতীয় টেস্ট সামনে রেখে কাল দুপুরে মিরপুরে অনুশীলনে তাই পাকিস্তান কোচের বিমর্ষ চেহারাটা যেন পুরো পাকিস্তান দলেরই সামগ্রিক অবস্থার প্রতীকী ছবি আঁকল। মুখের কথায় ওয়াকারের দল এখনো আত্মবিশ্বাসী, তবে শরীরী ভাষায় সেটি খুঁজে পাওয়া ভার।
চাপটা ওয়াকারের ওপরই বেশি। বিশ্বকাপের বাজে পারফরম্যান্সের পরই সমালোচকেরা মুখ খুলতে শুরু করেছিলেন। বাংলাদেশ সফরের পারফরম্যান্স দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করার সুযোগ ছিল তাঁর সামনে। হলো উল্টোটা। বাংলাদেশ দলের সামনে পাকিস্তানের এমন হতশ্রী দশা যে ওয়াকারের চাকরি নিয়েই টানাটানি। গতকালই পাকিস্তানের জিয়ো টেলিভিশনের এক খবরে বলা হয়েছে, পিসিবি নাকি ওয়াকারকে ছাঁটাই করারই সিদ্ধান্ত নিচ্ছে। বোর্ডের সঙ্গে ওয়াকারের বর্তমান চুক্তি ২০১৬ সালের এপ্রিল পর্যন্ত। তবে জিয়ো টিভি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, তিন মাসের আগাম বেতন দিয়ে বরখাস্ত করা হতে পারে ওয়াকারকে। পুরো না হোক, কিছুটা তো আঁচ করতে পেরেছেন ওয়াকার। এরপর মুখটা বিমর্ষ না হয়ে থাকে কী করে!
ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৪-০, যদি সফরসূচক প্রস্তুতি ম্যাচটিও ধরা যায় তাহলে ৫-০-তে হারা পাকিস্তান সফরে প্রথম জয়ের জন্য পাখির চোখ করেছিল খুলনায় প্রথম টেস্টটিকে। কিন্তু সেখানেও রূপকথার মতো ঘুরে দাঁড়িয়ে ম্যাচ ড্র করেছে বাংলাদেশ। শেষ সুযোগ ঢাকা টেস্ট। অধরা জয়ের জন্য সবকিছু নিয়ে ওই ম্যাচে ঝাঁপাতে চাইছে পাকিস্তান। অনুশীলনের পর বাংলাদেশের সংবাদমাধ্যমের সঙ্গে কোনো কথা না বললেও পাকিস্তানি এক সাংবাদিককে এ কথাই বলেছেন দলের লেগ স্পিনার ইয়াসির শাহ, ‘আমরা কিছু ভুল করেছি সত্যি। তবে বাংলাদেশ যে প্রথম টেস্টে ওভাবে ঘুরে দাঁড়াতে পারবে সেটা আশা করিনি। দেখা যাক, ভিন্ন পরিস্থিতিতে তারা কেমন করে। এবার আমাদেরও ভিন্ন পরিকল্পনা থাকবে।’
সেই ভিন্ন পরিকল্পনা কী হতে পারে তার একটা আঁচ পাওয়া গেল ইয়াসিরের কথায়। টেস্ট স্কোয়াডে থাকলেও খুলনায় খেলা হয়নি সাঈদ আজমলের। তাঁর না থাকাটা যে পাকিস্তানকে প্রথম টেস্টে ভুগিয়েছে, সেটা বারবার বলে গেলেন ইয়াসির, ‘আমি ওকে খুব মিস করেছি, কারণ অন্য প্রান্তে সে থাকলে সঙ্গীর ওপর চাপ একটু কমে যায়। ও অভিজ্ঞ বোলার, যখন আপনি বাজে বল করবেন সে তার অভিজ্ঞতা দিয়ে সেটা শুধরে দিতে পারে।’
শেষ পর্যন্ত ঢাকায় আজমল খেলবেন কি না, এটা অবশ্য এখনো পরিষ্কার নয়। তবে চোট-আক্রান্ত রাহাত আলীর বদলি হিসেবে কাল দুপুরে পাকিস্তান থেকে ঢাকায় উড়ে এসেছেন বিলাওয়াল ভাট্টি। কে জানে, ইয়াসিরের আভাস দেওয়া ‘ভিন্ন পরিকল্পনা’য় হয়তো এই ডানহাতি ফাস্ট বোলারও থাকছেন!