বিসিএল ওয়ানডে আজ থেকে

চারজনের গায়ে চার রকম জার্সি। চারজন কথা বললেন চার দলের হয়ে। অথচ এই চারজনই কদিন আগে একসঙ্গে খেলে এসেছেন বিশ্বকাপ। একই জার্সি গায়ে ছিলেন একই পতাকাতলে।
বাংলাদেশ দল বিশ্বকাপ খেলে দেশে ফিরেছে গত ২২ মার্চ। ১৭ এপ্রিল থেকে শুরু পাকিস্তান সিরিজের অনুশীলনের আগ পর্যন্ত সময়টা বিশ্রামে কাটানোর কথা ছিল ক্রিকেটারদের। কিন্তু বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানের ভাষায় ‘পরিস্থিতির দাবি’তে আজ থেকেই তাঁদের আবার নেমে পড়তে হচ্ছে মাঠে। উপলক্ষ বিসিএলের ওয়ানডে আসর।
বিসিবির মিডিয়া জোনে কাল এই টুর্নামেন্ট সূচক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, ওয়ালটন মধ্যাঞ্চলের অধিনায়ক মাহমুদউল্লাহ, বিসিবি উত্তরাঞ্চলের অধিনায়ক নাসির হোসেন ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের মুমিনুল হক। মুমিনুল অবশ্য পূর্বাঞ্চলের অধিনায়ক নন। অধিনায়ক তামিম ইকবাল ওমরাহ হজ করতে যাওয়ায় তাঁর বিকল্প হিসেবে এসেছিলেন তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটের আসর হিসেবেই শুরু বিসিএলের। কিন্তু পাকিস্তান সিরিজ ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে বলে তার আগে জাতীয় দলের ক্রিকেটারদের দীর্ঘ পরিসরের ম্যাচ খেলা যুক্তিযুক্ত মনে করেনি বিসিবি। ওদিকে ফ্র্যাঞ্চাইজিগুলো আবার জাতীয় দলের খেলোয়াড়দের ছাড়া খেলবে না। এ রকম পরিস্থিতিতে সব কুল রক্ষা করতেই জন্ম বিসিএলের ওয়ানডে টুর্নামেন্টটির। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দিবারাত্রির এই ওয়ানডে টুর্নামেন্ট হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। দর্শকদের জন্য উন্মুক্ত এই টুর্নামেন্টের শীর্ষ দুই দল মিরপুরে ফাইনাল খেলবে ১১ এপ্রিল। এরপর এক সপ্তাহের বিরতি দিয়ে শুরু হওয়ার কথা বিসিএল চার দিনের ম্যাচের আসর। পাকিস্তান সিরিজের দলে থাকা খেলোয়াড়েরা খেলবেন না তাতে।

হঠাৎ করে বিসিএল ওয়ানডে হচ্ছে বলে বিশ্বকাপ আর পাকিস্তান সিরিজের মাঝে বিশ্রাম একটু কম হয়ে গেছে বলে মানছেন ক্রিকেটাররা। তবে সেটা নিয়ে কারও অভিযোগ নেই। বরং পাকিস্তান সিরিজের আগে এ রকম একটা উদ্যোগকে সবাই স্বাগতই জানাচ্ছেন। মধ্যাঞ্চল অধিনায়ক মাহমুদউল্লাহ যেমন বললেন, ‘আমি মনে করি এটা সবার জন্য ভালো একটা সুযোগ। জাতীয় দলে ঢোকার দরজাটা সবার জন্য খোলা থাকল। পাকিস্তান সিরিজের আগে আমাদের প্রস্তুতিটাও ভালো হবে এতে।’
দুই মাস অস্ট্রেলিয়ায় কাটিয়ে আসার পর হোম সিরিজ খেলার আগে এ রকম একটা টুর্নামেন্টের অন্য গুরুত্বও দেখছেন দক্ষিণাঞ্চল অধিনায়ক মাশরাফি, ‘পাকিস্তান সিরিজের আর দেরি নেই। এখন আবার মাঠে ফেরা দরকার। তা ছাড়া অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিশ্বকাপের জন্য আমরা চার-পাঁচ মাস ধরে ও ধরনের কন্ডিশনের কথা মাথায় রেখে অনুশীলন করেছি। আবার দেশের মাটিতে খেলার প্রস্তুতি নিতেও বিসিএল কাজে লাগবে।’
সে জন্য অবশ্য বিসিএল ওয়ানডেতে স্পোর্টিং উইকেট আশা করছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি, ‘আমরা প্রমাণ করেছি স্পোর্টিং উইকেটে আমরা ভালো খেলি। কাজেই ফর্মটা ধরে রাখতে হলেও স্পোর্টিং উইকেট দেওয়া উচিত।’
বিসিএল চার দিনের ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চল। ওয়ানডে টুর্নামেন্টটা এবারই প্রথম হলেও সেই আত্মবিশ্বাস তাদের সঙ্গী। তবে চার দলের এই টুর্নামেন্টে শিরোপায় চোখ সবারই। মুশফিকুর রহিম অধিনায়কত্ব করতে চাননি বলে উত্তরাঞ্চলের নেতৃত্ব পাওয়া নাসির বললেন, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব। দলের কম্বিনেশন অনেক ভালো। ভারসাম্যপূর্ণ দল। সবচেয়ে ভালো আমাদের ফিল্ডিং।’ তামিমের বিকল্প হিসেবে আসা পূর্বাঞ্চল প্রতিনিধি মুমিনুলের কণ্ঠেও আশাবাদ, ‘আমাদের দল ভালো হয়েছে। ইনশা আল্লাহ, মাঠেও আমরা ভালো খেলব।’
এবারের বিসিবিএল ওয়ানডে ‘পরিস্থিতির দাবি’ মেটাতে হলে ভালো সাড়া পেলে এবং ফ্র্যাঞ্চাইজিরা রাজি হলে ভবিষ্যতেও এটি হতে পারে বলে জানালেন আকরাম খান। ওয়ালটন মধ্যাঞ্চল ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তা উদয় হাকিম ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের কর্মকর্তা কামাল উদ্দিন সংবাদ সম্মেলনেই জানিয়ে দিলেন এ ব্যাপারে তাঁদের আগ্রহের কথা। উদয় বললেন, ‘চার দিনের ম্যাচ, ওয়ানডে এবং টি-টোয়েন্টি—আমরা বিসিবিকে এই তিন ফরম্যাটেই বিসিএল আয়োজন করা যায় কি না, সেটি ভেবে দেখার প্রস্তাব দিচ্ছি।’
বিসিএল ওয়ানডেতে পুরস্কারের অঙ্কটা ভালোই। চ্যাম্পিয়ন দল পাবে ১৫ লাখ টাকা ও রানার্সআপ ৭ লাখ টাকা। প্রতি ম্যাচের ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার ২৫ হাজার টাকা ও ম্যান অব দ্য টুর্নামেন্ট ১ লাখ। থাকছে ম্যাচ ফিও। সেটি জাতীয় দলের ক্রিকেটারদের জন্য ৫০ হাজার টাকা ও জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের জন্য ৩০ হাজার।
বিসিএল ওয়ানডে সূচি
৫ এপ্রিল দক্ষিণাঞ্চল-পূর্বাঞ্চল মিরপুর
উত্তরাঞ্চল-মধ্যাঞ্চল ফতুল্লা
৬ এপ্রিল মধ্যাঞ্চল-দক্ষিণাঞ্চল ফতুল্লা
৭ এপ্রিল পূর্বাঞ্চল-উত্তরাঞ্চল ফতুল্লা
৯ এপ্রিল দক্ষিণাঞ্চল-উত্তরাঞ্চল ফতুল্লা
মধ্যাঞ্চল-পূর্বাঞ্চল মিরপুর
১১ এপ্রিল ফাইনাল মিরপুর
* সব ম্যাচ দিবারাত্রির। শুরু বেলা দেড়টায়।