বিসিএল নয় এনসিএল!
২০ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা ছিল বিসিএল। কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলোর অনিচ্ছায় এখন সেটি না হওয়ার সম্ভাবনাই বেশি। বিসিএলের পরিবর্তে সেপ্টেম্বরে হয়তো জাতীয় ক্রিকেট লিগই (এনসিএল) শুরু করবে বিসিবি।
বিসিএল নিয়ে টানাপোড়েন মূলত হঠাৎ করে ঠিক হওয়া আফগানিস্তান সিরিজের কারণে। ২১ সেপ্টেম্বর ঢাকায় এসে ২৫ তারিখ থেকে বাংলাদেশ দলের সঙ্গে তিন ওয়ানডের সিরিজ খেলবে তারা। অর্থাৎ, ২০ সেপ্টেম্বর থেকে বিসিএল হলে জাতীয় দলের খেলোয়াড়দের পাবে না ফ্র্যাঞ্চাইজিগুলো। মধ্যাঞ্চলের ফ্র্যাঞ্চাইজি ওয়ালটন এর মধ্যেই বিসিবিকে অনুরোধ করেছে, বিসিএল যেন এমন সময়ে আয়োজন করা হয়, যখন জাতীয় দলের খেলোয়াড়দের পাওয়া যাবে। ফ্র্যাঞ্চাইজির প্রধান সমন্বয়ক ও ওয়ালটন কর্মকর্তা উদয় হাকিম বলেছেন, ‘জাতীয় দলের খেলোয়াড়েরা না খেললে বিসিএলের তেমন প্রচার হয় না। সে কারণেই আমরা মৌখিকভাবে অনুরোধ করেছি, যেন জাতীয় দলের খেলোয়াড়েরা থাকা অবস্থায় বিসিএল হয়।’
সেপ্টেম্বরে বিসিএল খেলতে না চাওয়ার কারণ আছে আরও একটা। বিসিএলের সর্বশেষ আসর বসেছিল এ বছরেরই শুরুতে। সেপ্টেম্বরে আরেকটি বিসিএল হলে এক বছরে দুটি বিসিএল হয়ে যায়। ‘এক বছরে দুটো টুর্নামেন্ট খেলারও কোনো যুক্তি দেখি না’—বলেছেন উদয় হাকিম। একই আপত্তি জানিয়ে দক্ষিণাঞ্চলের ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠান প্রাইম ব্যাংকও চিঠি দিয়েছে বোর্ডকে। জাতীয় দলের খেলোয়াড়দের ছাড়া খেলতে রাজি নয় তারাও। এ ছাড়া বিসিএল নিয়ে কিছু ক্ষোভও নাকি আছে বেসরকারি এই ব্যাংকটির।
বিসিএলের ভবিষ্যৎ জানতে কাল বিসিবির পরিচালক ও টুর্নামেন্ট কমিটির প্রধান সাইফুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি তাঁকে। তবে ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খান বলেছেন, ‘ফ্র্যাঞ্চাইজিগুলো জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে খেলতে চাইবে, সেটাই স্বাভাবিক। কিন্তু আফগানিস্তান সিরিজের কারণে সেটা হয়তো হবে না। সে জন্যই আমরা চিন্তা করছি ওই সময় জাতীয় লিগটা করে ফেলব। বিসিএল পরে করব।’
সেই ‘পরে’টা কবে, তা অবশ্য বলা মুশকিল। আফগানিস্তান সিরিজের পরপরই ইংল্যান্ড সিরিজ। জাতীয় দলের টানা খেলা আছে এরপরও। কাজেই সাকিব-তামিমদের নিয়ে বিসিএল আয়োজন একটু দূরের স্বপ্নই মনে হচ্ছে।