বিসিএল ফাইনালে বিশ্বকাপজয়ী তানজিদ

জিম্বাবুয়ের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলে বগুড়ায় ফিরে গিয়েছিলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ওপেনার তানজিদ হাসান তামিম। একটু বিশ্রাম খুব দরকার ছিল এই তরুণ বাঁহাতি ব্যাটসম্যানের। কিন্তু বিশ্রাম আর পেলেন কই! আজ আবার ডাক পড়েছে বিসিএলের ফাইনাল খেলার।
ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে আগামীকাল শুরু পাঁচ দিনের বিসিএল ফাইনাল খেলবেন তানজিদ। বগুড়া থেকে এখন আবার ম্যাচ ভেন্যু চট্টগ্রামে যাচ্ছেন এই বাঁহাতি। কাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি দক্ষিণাঞ্চলের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হবে তানজিদের। পূর্বাঞ্চলের ম্যানেজার হাসিবুল হোসেন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন এই বাঁহাতি ওপেনার। দুই দিনের আগেই জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছেন মাত্র ৯৯ বলে ১২৫ রানের অপরাজিত ইনিংস। বড়দের ক্রিকেটে এটিই ছিল তাঁর প্রথম ম্যাচ। অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ ফাইনালেও ভারতের বিপক্ষে দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ম্যাচ জেতানো ৮০ রানের ইনিংস খেলেছেন।
এবার ইয়াসির আলীর বদলি হিসেবে সুযোগ হচ্ছে প্রথম শ্রেণির ক্রিকেটে। জিম্বাবুয়ের টেস্টের দলে ডাক পাওয়ায় বিসিএল ফাইনালে ইয়াসিরকে পাচ্ছে না পূর্বাঞ্চল। তবে টেস্ট দলে ডাক পেলেও পূর্বাঞ্চলের হয়ে ফাইনাল খেলবেন পেসার হাসান মাহমুদ।