বিসিএলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের চাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে একটা বিজ্ঞপ্তি ঝুলিয়ে দিলে কেমন হয়? ‘সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টেস্ট, ওয়ানডের আলোচনা নিষেধ।’
সামনে যখন যে ফরম্যাটের বিশ্বকাপ, তখন সেটি ছাড়া অন্য ক্রিকেট না খেলার একটা ‘সংস্কার’ আছে বিসিবির। জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে এসেও সেই পালে হাওয়া দিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে বলে টেস্ট ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে রাখলেন। সেই একই কারণে আজ শুরু দ্বিতীয় রাউন্ডের পরই স্থগিত হয়ে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক চার দিনের ক্রিকেটের ঘরোয়া আসর বিসিএলও। গত পরশু বিসিবির টুর্নামেন্ট কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, বিসিএলের তৃতীয় রাউন্ড শুরু হবে ১৯ ফেব্রুয়ারি।
জিম্বাবুয়ে সিরিজের পর ৩১ জানুয়ারি পর্যন্ত জাতীয় দলের অনুশীলন চলবে খুলনায়। এরপর খেলোয়াড়দের কয়েক দিনের বিশ্রাম দিয়ে ক্যাম্প চলে যাবে চট্টগ্রামে। অনুশীলনের ফাঁকে নিজেদের মধ্যে খুলনায় একটি ও চট্টগ্রামে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। প্রথম আলোর সঙ্গে কথোপকথনে কাল কোচ হাথুরুসিংহে জানালেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কারণে মিরপুরের মাঠ ব্যস্ত থাকবে বলেই খুলনায় ক্যাম্প করা। তাতে অন্তত ২৪ জন খেলোয়াড় লাগবে। কারণ আমরা এখানে ম্যাচ খেলব।’
বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধান আকরাম খান যে হিসাব দিলেন, তাতে অবশ্য খেলোয়াড়ের সংখ্যাটা ২৫, ‘প্রাইম ব্যাংকের ১১ জন, বিসিবির ৬ জন, ইসলামী ব্যাংক এবং ওয়ালটনের ৪ জন করে খেলোয়াড় জাতীয় দলের অনুশীলনে চলে যাবে। পরে পিএসএলে যাবে চারজন। সে জন্যই বিসিএল আপাতত স্থগিত করতে হয়েছে।’ ঘরোয়া ক্রিকেটকে বিঘ্নিত করে জাতীয় দল নিয়ে এ রকম পরিকল্পনার কোনো যৌক্তিকতা আছে কি না জানতে চাইলে কৌশলী উত্তর দিলেন, ‘এটা জাতীয় দলের কোচের পরিকল্পনা। তিনি একটা কিছু চাইলে সেটাকে তো গুরুত্ব দিতেই হবে। তবে আমরা খেলা বন্ধ করে কিছু করছি না। খেলা শুধু স্থগিত করা হয়েছে।’
তবে বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান নাঈমুর রহমান এই সিদ্ধান্তে তাঁর আপত্তিটা স্পষ্ট করেই জানালেন। টি-টোয়েন্টির প্রস্তুতি ম্যাচের জন্য খেলোয়াড় পাঠানোর চেয়ে বিসিএলটাকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি, ‘এশিয়া কাপ বা বিশ্বকাপের জন্য খেলোয়াড় নির্বাচন মোটামুটি হয়ে গেছে বলেই জানি। তার ওপর ছেলেরা এতগুলো টি-টোয়েন্টি ম্যাচ খেলল। তার পরও অনুশীলন ম্যাচের জন্য ২৪-২৫ জন ক্রিকেটার নেওয়ার প্রয়োজন ছিল বলে আমি মনে করি না। এর চেয়ে বিসিএলকেই প্রাধান্য দেওয়া উচিত ছিল।’