জাতীয় লিগ মানে ‘পিকনিক ক্রিকেট।’ টাকা কম বলে ক্রিকেটাররা সিরিয়াস নন। কাঠামোটাও নয় আদর্শ। এ রকম আরও অনেক সমালোচনা শুরু থেকেই ঘিরে আছে দেশের প্রথম প্রথম শ্রেণির ক্রিকেট আসরকে। প্রথম শ্রেণির ক্রিকেটকে চাঙা করতে তাই আবির্ভাব ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল)। কিন্তু সেটাও কি পারছে উদ্দেশ্য সফল করতে?
মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ শুরু তৃতীয় বিসিএলের শেষ পর্বের দুটি ম্যাচ। এর মধ্যে চট্টগ্রামে অনুষ্ঠেয় প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের ম্যাচটি শিরোপা নির্ধারণী। ঢাকার ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতা রক্ষার।
তবে জাতীয় লিগের মতো বিসিএলেও শেষ পর্যন্ত কারা চ্যাম্পিয়ন বা কারা চতুর্থ হবে, তা নিয়ে ফ্র্যাঞ্চাইজি আর কিছু ক্রিকেটার ছাড়া আর কারও আগ্রহ আছে বলে মনে হয় না। বিসিবি ও জাতীয় দলের ক্রিকেটারদের চোখে এটা যেন কেবলই একটা অনুশীলন ম্যাচের আসর! প্রধান নির্বাচক ফারুক আহমেদের চিন্তায়ও খুঁজে পাওয়া গেল সেই দৃষ্টিভঙ্গি। কাল বিসিবি অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার একপর্যায়ে শেষ রাউন্ডের ম্যাচ নিয়ে বললেন, ‘এটা সবার জন্যই প্র্যাকটিস ম্যাচ। আমরা চাই টেস্টের আগে যেন ম্যাচটা কাজে দেয়।’
আসলে পরিস্থিতিটাই এমন যে, বিসিএলের উপযোগিতা শেষ পর্যন্ত নির্বাচকদের চোখেও ওই রকম ঠেকছে। যেকোনো টুর্নামেন্টের একটা নিজস্ব বৈশিষ্ট্য বা ধরন থাকে। বিসিএলের ক্ষেত্রে সেগুলো যেন শুধুই তিন ফ্র্যাঞ্চাইজির (রংপুর ও রাজশাহী বিভাগকে নিয়ে গড়া উত্তরাঞ্চলের কোনো ফ্র্যাঞ্চাইজি নেই। দলটা চালায় বিসিবিই) ক্ষেত্রে প্রযোজ্য। জাতীয় দলের ক্রিকেটারদের কাছে এটা আন্তর্জাতিক ম্যাচ বা সিরিজের আগের নিজেকে তাতিয়ে নেওয়া উনুনের মতো। দরকার মনে করলে খেলেন, নয়তো খেলেন না। আন্তর্জাতিক ক্রিকেটের সূচির সঙ্গে সাংঘর্ষিক হয় বলে অনেক সময় অবশ্য এমনিতেও তাদের খেলার সুযোগ হয় না। তিন মৌসুমেও যে দলগুলোর প্রতি তারকা খেলোয়াড়দের দায়বদ্ধতা সৃষ্টি হয়নি, এটাই তার সবচেয়ে বড় কারণ।
এবারের শেষ রাউন্ডের ম্যাচ দুটিকে ভারত সিরিজের আগে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য ‘প্রস্তুতি’র সুযোগ ধরা হলেও সেই সুযোগ নিতে পারছেন না প্রাথমিক দলে থাকা ২৩ ক্রিকেটারের ৯ জন। হাঁটুর সমস্যার কারণে তামিম ইকবাল, আঙুলের সমস্যার কারণে মুশফিকুর রহিম, সাইড স্ট্রেইন থেকে পুরোপুরি সেরে না ওঠায় রুবেল হোসেন ও টানা ম্যাচ খেলার কারণে সাকিব আল হাসানকেও শেষ পর্বের ম্যাচে না খেলানোর পরামর্শ দিয়েছেন বিসিবির চিকিৎসকেরা। বাকি পাঁচজনের মধ্যে মাশরাফি বিন মুর্তজা ও তাসকিন আহমেদ আপাতত দীর্ঘ পরিসরের ক্রিকেটই খেলছেন না। শফিউল ইসলামের খেলার ব্যাপারে চিকিৎসকদের কোনো বাধা না থাকলেও হাতের চোটের কারণে তিনি নিজেই নাকি চাচ্ছেন না খেলতে। খেলবেন না আরাফাত সানি আর জুবায়ের হোসেনও। যদিও সূত্র জানিয়েছে, পূর্বাঞ্চলের লেগ স্পিনার জুবায়ের খেলতে খুবই আগ্রহী ছিলেন। কিন্তু টিম ম্যানেজমেন্ট তাঁকে স্কোয়াডে রাখেনি।
ভারত সিরিজের আগে প্রস্তুতির সুযোগ পেয়েও অনেকেরই সেটা নিতে না পারাটাকে অবশ্য বড় সমস্যা মনে করছেন না প্রধান নির্বাচক, ‘যেহেতু সুযোগ ছিল, আমরা চেষ্টা করেছিলাম টেস্টের আগে অন্তত একটা প্রস্তুতি ম্যাচ হোক। সবাই খেললে খুব ভালো হতো। তবে বেশির ভাগ খেলোয়াড়ই খেলছে। কারও কারও না খেলাটাকে আমি খুব বড় করে দেখছি না।’ মুশফিক যেহেতু টেস্ট অধিনায়ক, তাঁর কথাটা আলাদা করেই বললেন ফারুক আহমেদ, ‘মুশফিককে সাত দিনের মতো বিশ্রাম দেওয়া হয়েছে। তবে ভারত সিরিজের প্রায় ১৮ দিনের মতো বাকি আছে। আমার মনে হয় ওকে নিয়ে এখনই অত চিন্তা না করলেও চলবে। আর আমাদের টেস্ট অধিনায়ক মানসিকভাবে বেশ শক্ত, আশা করি সে এটা কাটিয়ে উঠবে।’