বিসিএলের শেষ পর্ব শুরু ২৪ মে
বিসিএলের সর্বশেষ পর্বের খেলা শেষ হয়েছে ১০ মে। পর্ব বাকি আর একটা এবং সেটি শুরু হবে ২৪ মে থেকে। দুই পর্বের মাঝে ১৪ দিনের লম্বা বিরতি একটু বিস্ময়করই। টুর্নামেন্ট কমিটির প্রধান আকরাম খান কাল জানালেন, জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের অনুরোধেই এই বিরতি।
পাকিস্তান সিরিজ শেষে এখন বিশ্রামে আছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ২২ বা ২৩ মে ফিটনেস টেস্টের পর ভারত সিরিজের প্রস্তুতি শুরু হওয়ার কথা ১ জুন থেকে। জাতীয় দলের ক্রিকেটাররা যাতে যথেষ্ট বিশ্রাম নিয়ে বিসিএলের শেষ পর্বের ম্যাচে খেলতে পারেন, সে কারণেই মাঝের এই লম্বা বিরতি।
বিসিএল শেষ করে জাতীয় দলের ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়বেন ভারত সিরিজ নিয়ে। আর অন্যদের জন্য সুযোগ থাকছে জাতীয় চ্যাম্পিয়নশিপ খেলার। দেশের ১০টি ভেন্যুতে ৬৪টি জেলা দল নিয়ে এই আসর শুরু হবে ১ জুন থেকে। কিন্তু বৃষ্টির মৌসুমে এই প্রতিযোগিতা কীভাবে হবে? আকরাম খান আশাবাদী, ‘আশা করছি, ৯০ ভাগ খেলা ঠিকঠাকভাবে হয়ে যাবে। যেসব ভেন্যুতে খেলা দিয়েছি, সেখানে বৃষ্টি তুলনামূলকভাবে কম হয়। তা ছাড়া খেলা চলাকালীন ঢাকা থেকে সব ভেন্যুতে কাভারও পাঠানো হবে।’
জাতীয় চ্যাম্পিয়নশিপ নিয়ে এবার একটু নতুন চিন্তাভাবনাও আছে টুর্নামেন্ট কমিটির প্রধানের। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের নিয়ে দুটি আলাদা দল করা হবে। প্রতিযোগিতা শেষে দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা। এর উদ্দেশ্যটাও জানালেন আকরাম খান, ‘জেলা পর্যায়ে হয়তো অনেক ভালো ক্রিকেটার ছড়িয়ে আছে, যারা সর্বোচ্চ পর্যায়ে খেলার সুযোগ পায় না। তাদের দেখার উদ্দেশেই এটা করা হবে।’