বিসিবি সভাপতিকে রূপগঞ্জের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি প্রিমিয়ার ক্রিকেট লিগে লিজেন্ডস অব রূপগঞ্জ নানাভাবে ‘অন্যায়-অবিচারে’র স্বীকার হচ্ছে বলে দাবি করেছে ক্লাবটি। এসব ‘অন্যায়-অবিচারে’র প্রতিকার চেয়ে গত পরশু বিসিবি সভাপতি নাজমুল হাসান বরাবর একটি চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ কর্তৃপক্ষ।
ক্লাবের পক্ষ থেকে কাল সেই চিঠির কপি পাঠানো হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে। চিঠিতে বোর্ড সভাপতিকে উদ্দেশ করে লিজেন্ডস অব রূপগঞ্জের চেয়ারম্যান লুৎফর রহমান অভিযোগ করেছেন, প্রিমিয়ার লিগের সপ্তম, অষ্টম ও নবম রাউন্ডের ম্যাচগুলোর কোনোটিই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলতে দেওয়া হচ্ছে না তাদের। তিনি অষ্টম রাউন্ডে প্রাইম ব্যাংক ক্লাবের বিপক্ষে ম্যাচটি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়োজনের অনুরোধ করেছেন।
এবারের প্রিমিয়ার লিগের আম্পায়ারিংয়ের মান নিয়েও প্রশ্ন তুলেছেন লুৎফর রহমান। যেসব আম্পায়ারদের বিরুদ্ধে তাঁদের অভিযোগ ছিল, বেছে বেছে সেসব আম্পায়ারকেই নাকি লিজেন্ডস অব রূপগঞ্জের ম্যাচে দায়িত্ব দেওয়া হচ্ছে। তাঁর আরও অভিযোগ, ফতুল্লায় আবাহনীর বিপক্ষে ম্যাচে আবাহনী সমর্থকেরা তাদের সমর্থকদের মাঠ থেকে তাড়িয়ে দিয়েছে, ভয়-ভীতি দেখিয়েছে। লিজেন্ডস অব রূপগঞ্জের ম্যাচগুলো নিজেদের উদ্যোগে ভিডিও করতে চাইলে সেটাও নাকি তাদের করতে দেওয়া হচ্ছে না। ম্যাচের দিন ভিডিও ক্যামেরা কেড়ে নেওয়া হচ্ছে।
চিঠিতে মোট ছয়টি বিষয় বোর্ড সভাপতির নজরে আনতে চেয়েছেন লুৎফর রহমান। যার শেষটি হলো ক্লাবের ক্রিকেটারদের জাতীয় দলে খেলা প্রসঙ্গে। তিনি লিখেছেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে জাতীয় দলে একই দিনে সুযোগ পেলেন আবুল হাসান ও তাইজুল ইসলাম। আবুল হাসানকে পরদিন জাতীয় দলের ক্যাম্পে নিয়ে যাওয়া হলো, ফলে পরদিন লিগের ম্যাচে আমরা তাকে পেলাম না। কিন্তু জাতীয় দলে থেকেও তাইজুল ঠিকই পরদিন প্রিমিয়ার ক্রিকেট লিগের ম্যাচে খেললেন! একই দেশে দুই নিয়ম কেন?’