বিসিবি সভাপতির কথা কথাই রয়ে গেছে
বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছিলেন, ইংল্যান্ড সিরিজেই শেষ। এরপর আর বিসিবির কোনো দায়িত্বে দেখা যাবে না মোহাম্মদ আলীকে। অথচ বিপিএলেও বিসিবির বিতর্কিত এই নিরাপত্তা সমন্বয়ক দিব্যি ঘুরে বেড়াচ্ছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। বোর্ড সভাপতির কথা তাহলে মূল্যহীন!
নিরাপত্তার দায়িত্বে থাকলেও মোহাম্মদ আলী নিয়মিতই বিতর্কিত সব ঘটনার জন্ম দিয়ে আসছেন। সর্বশেষ ইংল্যান্ড সিরিজের আগে ফতুল্লায় প্রস্তুতি ম্যাচের সময় তিনি ইংরেজি দৈনিক নিউ এজ-এর সাংবাদিক আতিফ আজমকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে সাংবাদিকদের পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধি বিসিবি সভাপতির সঙ্গে দেখা করে মোহাম্মদ আলীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান। নাজমুল হাসানও তাঁদের দাবির সঙ্গে একমত হন। মোহাম্মদ আলীর কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনিও। তবে মোহাম্মদ আলী ইংল্যান্ড সিরিজের নিরাপত্তা পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত থাকায় সিরিজ শেষ হওয়া পর্যন্ত সময় চান বিসিবি সভাপতি।
ইংল্যান্ড সিরিজ শেষ হয়ে এখন বিপিএলও শুরু হয়ে গেছে। অথচ বিসিবি সভাপতির প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি এখনো। শেরেবাংলা স্টেডিয়ামের গেট, একাডেমি মাঠ এমনকি মূল মাঠেও তাঁর অবাধ বিচরণ। এ ব্যাপারে গত পরশু বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘ইংল্যান্ড সিরিজের জন্য একটু বিরতি পড়েছে। তবে আমরা উদ্যোগ নিচ্ছি।’
অথচ কাল পর্যন্তও সে উদ্যোগ নেওয়া হয়নি। সাংবাদিকদের জন্য ভীতির কারণ হয়ে এখনো শেরেবাংলা স্টেডিয়ামে ঘুরে বেড়াচ্ছেন মোহাম্মদ আলী। বোর্ড সভাপতির সিদ্ধান্ত বাস্তবায়নের যেন কেউই নেই বিসিবিতে!