বিসিবিকে বিজেতুঙ্গের 'না'
আনুষ্ঠানিকভাবে না জানালেও বিসিবি একরকম নিশ্চিতই করে দিয়েছিল, বাংলাদেশ দলের স্পিন কোচ হিসেবে আনা হচ্ছে পিয়াল বিজেতুঙ্গেকে। কিন্তু ৬ আগস্ট বিসিবিকে এই শ্রীলঙ্কান জানিয়ে দিয়েছেন, তিনি বাংলাদেশে আসছেন না। স্পিন কোচ আর ফিল্ডিং কোচ নিয়ে এখন তাই বিসিবিকে নতুন করে ভাবতে হচ্ছে।
বিজেতুঙ্গে স্পিন কোচ, আর বিসিবির একাডেমির সাবেক কোচ রুয়ান কালপাগেকে দেওয়া হবে ফিল্ডিং কোচের দায়িত্ব—এমনই চিন্তাভাবনা ছিল বিসিবির। কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) শুরু থেকেই ছাড়তে চাচ্ছিল না বিজেতুঙ্গেকে। অবশেষে তাদেরই জয় হলো। বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস কাল জানালেন, ‘আমাদের সঙ্গে লিখিত চুক্তি করলেও বিজেতুঙ্গে শেষ পর্যন্ত আসবেন না বলে জানিয়েছেন। শ্রীলঙ্কা ক্রিকেটের দায়িত্বে থেকে যাবেন তিনি।’
এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভার উদ্ধৃতি দিয়ে ক্রিকইনফোও জানিয়েছে একই কথা। ‘নির্বাহী কমিটির সঙ্গে আলোচনা করে বিজেতুঙ্গে পদত্যাগপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর জন্য আরও ভালো কিছুর প্রস্তাব নিয়েই দুই পক্ষে আলোচনা হয়েছে’—বলেছেন ডি সিলভা। বিজেতুঙ্গেকে বেশি বেতন দিয়ে রেখে দিলেও আরেক কোচ রুয়ান কালপাগের পদত্যাগপত্র গ্রহণ করেছে এসএলসি। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই কালপাগের বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।
তবে নতুন পরিস্থিতিতে কালপাগে বাংলাদেশে কি কোচ হিসেবে আসবেন, সেটাই প্রশ্ন। বিসিবির একটি সূত্র জানিয়েছে, বিজেতুঙ্গের সিদ্ধান্ত বদল বিসিবির সিদ্ধান্তেও পরিবর্তন আনতে পারে। শুরুতে ফিল্ডিং কোচ হিসেবে ভাবা হলেও শ্রীলঙ্কার সাবেক অফ স্পিনার কালপাগের যেহেতু স্পিন কোচ হিসেবেও কাজ করার অভিজ্ঞতা আছে, বিসিবি এখন তাঁকেই স্পিন কোচ হিসেবে ভাবছে। শেষ পর্যন্ত এটাই সিদ্ধান্ত হলে স্পিন কোচ নয়, বিসিবি খুঁজবে নতুন ফিল্ডিং কোচ।
বাংলাদেশ দলের সঙ্গে সার্বক্ষণিক স্পিন বোলিং কোচ হিসেবে এর আগে একজনই কাজ করেছেন। পাকিস্তানের সাবেক অফ স্পিনার সাকলায়েন মুশতাকের ব্যাপারে বাংলাদেশের স্পিনাররা প্রশংসায় উচ্চকণ্ঠও ছিলেন। বছরে এক শ দিন কাজ করবেন, সাকলায়েনের সঙ্গে এমন একটা চুক্তিও করেছিল বিসিবি। সাকলায়েন তার মধ্যে ৫০ দিনের মতো কাজও করেছেন। চুক্তিটা এরপর আর টেকেনি। বিসিবির ভাষ্য অনুযায়ী যার কারণ, সাকলায়েন শুধু বাংলাদেশ দলের সিরিজ চলাকালে কাজ করতে চান। কিন্তু বিসিবি অন্য সময় জাতীয় দলের বাইরের স্পিনারদের কোচিং করাতেও সাকলায়েনকে চাইছিল।