বিসিবিতে নতুন দুর্নীতি দমন-প্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসির নির্দেশনা মেনে আলাদা করা হলো বিসিবির দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগকে। বিসিবির দুর্নীতি দমন বিভাগের প্রধান হিসেবে গতকাল আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন মেজর (অব.) আবু মোহাম্মদ হুমায়ুন মোর্শেদ। ঘরোয়া ক্রিকেটে নজরদারির পাশাপাশি আন্তর্জাতিক ইভেন্টে আইসিসি দুর্নীতি দমন কর্তাদের সঙ্গে সমন্বয় করাই হবে তাঁর কাজ। আপাতত দুর্নীতি দমন বিভাগে থাকছেন তিনি একাই। দেশের ক্রিকেটের প্রয়োজন অনুযায়ী বিভাগটিকে গড়ে তুলবেন তিনি।
নিরাপত্তা বিভাগ থেকে দুর্নীতি দমন বিভাগকে আলাদা করার বাস্তবতা ব্যাখ্যা করলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, ‘আইসিসির গাইডলাইনেরই অংশ এটি। আগে আইসিসিতে নিরাপত্তা ও দুর্নীতি দমন একটা বিভাগ ছিল। এখন বিভিন্ন ইভেন্ট করতে গিয়ে কার্যক্রম বেড়ে যাওয়ার কারণে নিরাপত্তা বিভাগে ওরা আউটসোর্স করে। দুর্নীতি দমন আলাদা হয়ে যায়। ওইভাবে আমরাও আমাদের মতো করে দুর্নীতি দমন বিভাগ চালু করেছি। অন্যান্য বোর্ডেও এমনই, একজন দুর্নীতি দমন ব্যবস্থাপক বা কর্মকর্তা রয়েছে। আমরাও সেভাবে এগোচ্ছি।’
আলাদা দুর্নীতি দমন বিভাগের ধারণাটা যেহেতু অনেকটা নতুন, এটির কাজের পরিধি নিয়েও ধোঁয়াশা থাকতে পারে শুরুতে। বিসিবির অন্যান্য বিভাগের মতোই হবে এটি। প্রয়োজন হলে বাড়ানো হবে জনবল। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ থেকেই শুরু হবে এই বিভাগের কাজ। প্রধান নির্বাহী জানালেন, ‘এমন নয় যে সব সময় পুলিশি করবেন। বাংলাদেশের যেকোনো ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টে দুর্নীতি দমন কোড প্রয়োগের বিষয়টি অনুমোদিত। আসছে ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর আগে অধিনায়ক, ম্যানেজারদের দুর্নীতি ইস্যুতে সচেতন করতে শিক্ষামূলক প্রোগ্রাম করবে। আইসিসির দুর্নীতি দমন শর্তগুলো শেখাবে। কীভাবে ক্রিকেটারদের মধ্যে দুর্নীতি ঢোকে বা কাছে যায়, এসব নিয়ে শিক্ষিত করে তুলবে। আন্তর্জাতিক ইভেন্টে বিষয়টি সহজ, আইসিসি যেকোনো টুর্নামেন্টে আকসু অফিশিয়াল দেয়। তারা এখন আমাদের দুর্নীতি দমন বিভাগের প্রধানের সঙ্গে কথা বলে সব ঠিক করবে।’