বিসিবিতে এবার ‘ডাবল’ ঈদ! অস্ট্রেলিয়া-জয় ঈদ আনন্দ বাড়িয়ে দিয়েছে অনেক। বৃষ্টির দিন বলে সেটা অবশ্য কাল চোখে দেখা গেল না। তবে অনুভব করা গেল।
বাংলাদেশ দলের সাফল্যে এমনিতেই উৎসবের আবহ থাকে মিরপুরে বিসিবি কার্যালয়ে। দারোয়ান থেকে শুরু করে শীর্ষ কর্তা সবাই বাংলাদেশ দলের সুখে সুখী, দুঃখে দুঃখী। সেই আত্মিক সম্পর্কটা বুঝেই কিনা এবার একটা চমক দিল বিসিবি। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয়ের উপহার হিসেবে বিসিবির সব কর্মকর্তা-কর্মচারীকে একটি করে বাড়তি বোনাস দেওয়া হয়েছে।
ক্রিকেটাররা বোনাস পাওয়ার ঘোষণা শুনেছেন আগেই। চ্যাম্পিয়নস ট্রফির জন্য ৪ কোটি, অস্ট্রেলিয়াকে হারানোয় আরও ২ কোটি টাকা। খেলোয়াড়ভেদে বোনাসের অঙ্কও ভিন্ন। তবে এ নিয়ে কারও কোনো অভিযোগ-অনুযোগ শোনা যায়নি। অস্ট্রেলিয়া-জয় আর ঈদ আনন্দের মধ্যে বোনাসটা বাড়তি ‘মধুই’ যোগ করছে।
পরশু টেস্ট জয়ের পর খেলোয়াড়দের উৎসব-আনন্দ সব মাঠ আর ড্রেসিংরুমেই শেষ। হোটেলে ফিরে সবাই জানলেন, টেস্টের বেঁচে যাওয়া শেষ দিনটা ছুটি ঘোষণা করা হয়েছে। ঢাকায় যাঁদের বাসা আছে, তাঁদের বেশির ভাগই এরপর হোটেল ছাড়েন। তার আগে বোর্ড সভাপতি নাজমুল হাসান গিয়েছিলেন হোটেলে। উদ্দেশ্য দলকে আরও একবার অভিনন্দন জানানো, উৎসাহ দেওয়া। এ ছাড়া অধিনায়ক মুশফিকুর রহিমসহ সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে ৪ সেপ্টেম্বর থেকে শুরু চট্টগ্রাম টেস্ট নিয়েও নাকি কথা বলেছেন সভাপতি।
আগামীকাল ঈদের দিন চট্টগ্রামে প্রথম অনুশীলনটা ঐচ্ছিক হয়ে যাওয়ায় খেলোয়াড়দের অনেকেই অলিখিতভাবে ছুটি আরও একদিন বাড়িয়ে নিচ্ছেন। ম্যানেজার সাব্বির খান, কোচিং স্টাফ সদস্য এবং যেসব খেলোয়াড়ের পরিবার ঢাকায় নেই, শুধু তাঁরাই আজ বিকেল ৩টার ফ্লাইটে চট্টগ্রামে যাচ্ছেন। সব মিলিয়ে সংখ্যাটা ১৫ জনের মতো বলে জানা গেছে। বাকিরা ঈদের দিনটা পরিবারের সঙ্গে কাটিয়ে কাল সন্ধ্যার ফ্লাইটে যাবেন। টেস্ট শুরুর আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পুরো দল একসঙ্গে অনুশীলন করবে শুধু ৩ সেপ্টেম্বর।
ঈদের দিনে দুই দলই অনুশীলন করবে দুপুরের পর। বাংলাদেশের অনুশীলনের দুপুর ১টা থেকে বিকেল ৩টা। অস্ট্রেলিয়া ৩টা থেকে ৫টা। অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের জন্য ঈদের দিনেও ব্যাট-বল নিয়ে নেমে পড়া হয়তো স্বাভাবিকই মনে হবে। বাংলাদেশ দলও দেশের বাইরে থাকলে সমস্যা ছিল না। কিন্তু দেশে থেকেও যেসব খেলোয়াড়কে পরিবারের বাইরে ঈদ করতে হচ্ছে, ঈদের দিনেও করতে হবে অনুশীলন; তাঁরা কিছুটা ত্যাগ তো স্বীকার করছেনই।