দক্ষিণ আফ্রিকা সফরের আগে উত্তপ্ত হয়ে উঠছে বাংলাদেশের ক্রিকেট অঙ্গন। কাল দুবাইগামী বিমানে ওঠার আগে বিমানবন্দরে সাকিব আল হাসান বলে গেছেন, এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো মানসিক ও শারীরিক অবস্থায় নেই তিনি।
অর্থাৎ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে সাকিবের খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান এর আগে জানান, সাকিব দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলবেন। সাংঘর্ষিক এই কথার পর আজ আবারও সংবাদকর্মীদের নিয়ে বসেছিলেন বিসিবি সভাপতি।
সাকিবকে রেখেই টেস্ট ও ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। কিন্তু কাল তাঁর ‘আমার মনে হয় না, এমন মানসিকতা নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলাটা ঠিক হবে’ মন্তব্যের পর সাকিবকে সফরে পাওয়া সংশয়ের মধ্যে পড়ে গেল।
এদিকে বিসিবি সভাপতি বলছেন, এভাবে চললে তাঁরা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন, যা পছন্দ হবে না ক্রিকেটারদের।
বিসিবি সভাপতি আজ তাঁর বাসভবনে এ নিয়ে সংবাদকর্মীদের বলেছেন, ‘এই টেস্ট খেলব, ওই টেস্ট খেলব না, তা তো হতে পারে না...ওর যদি খেলতেই ভালো না লাগে, তাহলে তো কিছু বলার নেই। যাদের আমরা এত ভালোবাসি, তাদের প্রতি এখনো নমনীয় আছি। কিন্তু ওদের পেশাদার হতে হবে। তা না হলে একটা সময় আসবে, যখন আমাদের মতো সিদ্ধান্ত নিতে হবে। তখন কারও তা পছন্দ হবে না।’
বিসিবি সভাপতির এ কথায় উপস্থিত সংবাদকর্মীদের পক্ষ থেকে পাল্টা প্রশ্ন করা হয়, অভিজ্ঞ ক্রিকেটারদের বাদ দিয়ে নতুন পরিকল্পনা করার সময়টা এসেছে কি?
নাজমুলের জবাব, ‘সাকিব যদি কোনো সিরিজে না যায়, কেউ কিছু বলবে না। আপনারা কেউ কিছু বলবেন না। কিন্তু সাকিবকে যদি কোনো সিরিজ থেকে বাদ দিই, তখন কী হবে? তখন আপনারা বোর্ডের বিপক্ষে যে হুলুস্থুলটা বাধাবেন, চিন্তা করে দেখেন।’
গতকাল বিমানবন্দরে সাকিব বলে গেছেন, ‘এখন আমি যে মানসিক ও শারীরিক অবস্থায় আছি…তাতে এমন হতে পারে যে ওয়ানডেটা না খেলে টেস্ট সিরিজটা খেলতে পারি।’
সাকিবের এই কথার পরিপ্রেক্ষিতে বিসিবি সভাপতি আজ বলেছেন, ‘কে কোন সংস্করণে খেলবে, এটা কিন্তু খেলোয়াড়দের সিদ্ধান্ত নেওয়ার কথা নয়। বোর্ডেরও নয়, এটা কোচিং স্টাফ সিদ্ধান্ত নেয়।’
তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসানের একেক সংস্করণ খেলা নিয়ে বোর্ড ও খেলোয়াড়দের মধ্যে যোগাযোগের সমস্যা আছে কি না, এ প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেছেন, ‘যোগাযোগের সমস্যা কোথায়? যোগাযোগের সমস্যা হয় বলেই তো লিখিত নিয়েছি। তারপর যদি বলে “খেলব না”, তাহলে এটা যোগাযোগের সমস্যা হয় কীভাবে? আপনারা যোগাযোগের ফারাক বলতে বোঝাচ্ছেন, আমাদের সঙ্গে কোনো সমস্যা হচ্ছে। কিন্তু আমাদের তো সমস্যা হচ্ছে না।’
বিসিবি সভাপতি এরপর বলেন, ‘আমি সবাইকে পরিষ্কার বলে দিয়েছি, কেউ যদি কোনো সংস্করণ খেলতে না চায়, কোনো সমস্যা নেই। তাহলে এসব করা উচিত নয়। এসব কোনোভাবেই কাম্য নয়। খেলবে না—মেনে নিয়েছি। তাহলে আগে বলে দেবে।’
মাহমুদউল্লাহ রিয়াদ এর আগে জিম্বাবুয়ে সফরে হুট করে টেস্ট থেকে অবসর নেন। তামিম ইকবাল দীর্ঘদিন টি–টোয়েন্টি খেলছেন না।
এবার সাকিবও দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে মানসিক ও শারীরিক সমস্যার কথা বলার পরিপ্রেক্ষিতে বিসিবি সভাপতি বলেছেন, ‘রিয়াদেরটা পুরোপুরি অগ্রহণযোগ্য। সে আমার বাসায় এসেছিল। তামিম আলাপ করে নিয়েছে। সে খেলতে চায় না। সাকিবের ব্যাপারটা একেবারেই নতুন। টেস্টে জানতাম, ওয়ানডে নতুন। ও যদি খেলতেই না চায়, তাহলে তো কিছু বলার নেই।’