বিসিবির অবস্থান জানালেন নাজমুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিবি পড়েছে উভয়সংকটে। আইসিসির পদত্যাগ করা সভাপতি মুস্তফা কামালের পাশে যেমন থাকতে হচ্ছে, চটানো যাচ্ছে না বিশ্ব ক্রিকেটের ‘বড় কর্তা’ এন শ্রীনিবাসন আর ভারতীয় ক্রিকেট বোর্ডকেও। বিসিবি এখন কোন দিকে যাবে?
দেশের ক্রিকেটের ভবিষ্যতের কথা ভেবে বিসিবিকে কিছুটা হলেও ঝুঁকে থাকতে হচ্ছে ভারত আর শ্রীনিবাসনের দিকে। তবে গতকাল ধানমন্ডিতে নিজের অফিসে বসে বিসিবি সভাপতি নাজমুল হাসান প্রথমেই বললেন, ‘আইসিসি সভাপতি হিসেবে উনি (মুস্তফা কামাল) ট্রফি দেবেন, এটা গঠনতন্ত্রেই আছে। ওনাকে যে সে সুযোগ দেওয়া হলো না, তা অত্যন্ত দুঃখজনক।’ সঙ্গে অবশ্য যোগ করেছেন, ‘উনি যে পদত্যাগ করেছেন, সেটাও দুঃখজনক। আইসিসি ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। এখানে এ রকম অনভিপ্রেত ঘটনা ঘটা উচিত নয়।’
বিশ্বকাপ ফাইনালের আগের দিনের যে সভায় মুস্তফা কামালকে দিয়ে ট্রফি না দেওয়ার সিদ্ধান্ত হয়, তাতে উপস্থিত ছিলেন না নাজমুল হাসান। আইসিসির গঠনতন্ত্রবিরোধী ওই সিদ্ধান্তের ব্যাখ্যা তাই তাঁর কাছেও নেই। তবে ১৫ ও ১৬ এপ্রিল দুবাইয়ে অনুষ্ঠেয় আইসিসির পরবর্তী সভায় এ বিষয়ে ব্যাখ্যা চাইবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।
বিশ্বকাপ শেষে গত পরশু রাতে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরেছেন নাজমুল হাসান। কিন্তু তাঁর দুঃখ, ‘কোথায় ভেবেছিলাম দেশে ফেরার পর আমরা ব্যস্ত থাকব বাংলাদেশ দলের গণসংবর্ধনা নিয়ে, মজা করব। কিন্তু এখন পুরো ব্যাপারটা অন্যদিকে ঘুরে গেল।’ পাকিস্তান সিরিজের আগেই ঢাকা ও চট্টগ্রামে বিশ্বকাপফেরত দলের দুটি গণসংবর্ধনা হবে। তবে তার আগে বাংলাদেশের ক্রিকেটের জন্য স্পর্শকাতর এই সময়ে আন্তর্জাতিক ক্রিকেট কূটনীতিতেও যথেষ্ট মনোযোগ দিতে হচ্ছে নাজমুল হাসানকে।
বিসিবি সভাপতি অবশ্য আশাবাদী, মুস্তফা কামালের পদত্যাগ এবং আইসিসি চেয়ারম্যান শ্রীনিবাসনের প্রতি তাঁর ক্ষুব্ধ প্রতিক্রিয়া বাংলাদেশ-ভারতের ক্রিকেটীয় সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। ব্যাপারটাকে মুস্তফা কামাল ও শ্রীনিবাসনের ব্যক্তিগত দ্বন্দ্ব বলেই মনে করেন তিনি, ‘কামাল সাহেব যে বক্তব্য দিয়েছেন সেটা হয় তিনি আইসিসি সভাপতি হিসেবে দিয়েছেন, অথবা এগুলো ওনার ব্যক্তিগত মতামত। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তিনি কিছু বলেননি। যাঁর সম্পর্কে কথাগুলো বলেছেন, তিনিও ভারতীয় ক্রিকেট বোর্ডকে প্রতিনিধিত্ব করেন না। তিনি আইসিসির চেয়ারম্যান।’
কামাল-শ্রীনিবাসন ‘লড়াই’টাকে তাই আইসিসির কোর্টেই ছেড়ে দিচ্ছেন নাজমুল হাসান, ‘এটা আইসিসির ব্যাপার। আইসিসিই এর সমাধান করবে।’ চলমান ঘটনাপ্রবাহে বিসিবির অবস্থান আরও স্পষ্ট করতে গিয়ে তিনি বলেছেন, ‘এখন পর্যন্ত যা হয়েছে, তা আমরা পছন্দ করছি না। এতে সম্পৃক্ত হলে অন্যান্য বোর্ডের সঙ্গে পারস্পরিক সম্পর্ক খারাপ হতে পারে। আমরা এতে সম্পৃক্ত হতে চাই না।’ বিসিসিআইর সঙ্গে বিসিবির সম্পর্কের অবনতি ঘটারও কোনো আশঙ্কা করছেন না বোর্ড সভাপতি, ‘সেদিন ভারত-বাংলাদেশের খেলা ছিল, তাই বলে আম্পায়ারিং তো ভারত করেনি! দুই বোর্ডের মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণ দেখি না। আমাদের অভিযোগ ভারতের বিরুদ্ধে নয়।’
পরশু দেশে ফিরে আইসিসির সাবেক সভাপতি মুস্তফা কামাল যে শ্রীনিবাসনের বিরুদ্ধে অভিযোগের ঝাঁপি খুলে দিয়েছিলেন, কাল সেই শ্রীনিবাসনের প্রতিই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নাজমুল হাসান। আইসিসিতে শ্রীনিবাসনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জানান, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যেসব সাহায্য দরকার সেগুলো আমরা পাচ্ছি কি না, সেটাই আসল। আমি বিসিবির দায়িত্ব নেওয়ার পর গত দেড় বছর আইসিসির সবার সহযোগিতা পেয়ে আসছি। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ও শ্রীলঙ্কা আসতে চায়নি। শ্রীনিবাসনের সাহায্য না পেলে বাংলাদেশে এ দুটি টুর্নামেন্ট আয়োজন করা কঠিন হতো।’ তাই বলে মুস্তফা কামালের অভিযোগও উড়িয়ে দিচ্ছেন না তিনি, ‘উনি (কামাল) আরও বেশি দিন ধরে আইসিসিতে ছিলেন। এটা ঠিক যে উনি সভাপতি হওয়ার পর অনেক কিছু পরিবর্তন হয়েছে। হয়তো ওনার সঙ্গে বেআইনি কিছু কাজও হয়েছে। তবে সেসব আমরা বিস্তারিত জানি না।’
বিসিবির একটি সূত্রের অবশ্য দাবি, মুস্তফা কামালকে দিয়ে ট্রফি প্রদান না করে আইসিসি যেমন গঠনতন্ত্র লঙ্ঘন করেছে, তেমনি সংবাদমাধ্যমে আম্পায়ারিং নিয়ে বেফাঁস মন্তব্য করে আইসিসির আচরণবিধি ভঙ্গ করেছেন মুস্তফা কামালও। নিয়ম অনুযায়ী সভাপতির সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে হলে নাকি আইসিসির মিডিয়া বিভাগের অনুমোদন নিতে হয়। মুস্তফা কামাল কথা বলেছেন সেটি না নিয়েই। তা ছাড়া আম্পায়াররা সেদিন ‘এজেন্ডা’ নিয়ে নেমেছিলেন, তাঁর এমন মন্তব্যে খেপেছেন আইসিসির প্যানেলভুক্ত ম্যাচ অফিশিয়ালরাও। যার প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে পাকিস্তানের বিপক্ষে আসন্ন হোম সিরিজ এবং জুলাইয়ের ভারত সিরিজেও। কাল বোর্ড সভাপতিও স্বীকার করলেন, ‘যত দিন যাচ্ছে পরিস্থিতি জটিল হচ্ছে। এ ঘটনা যে আমাদের দুশ্চিন্তায় ফেলেছে, তাতে কোনো সন্দেহ নেই।’
ভারতের কোনো কোনো প্রচারমাধ্যম দাবি করছে, পদত্যাগ না করলেও আইসিসির পরের সভায় সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হতো মুস্তফা কামালকে। তবে কাল এ ব্যাপারে জানতে চাইলে আইসিসির সূত্র জানিয়েছে, এ ধরনের খবর ‘সঠিক নয় এবং অনুমাননির্ভর’। আইসিসি বরং মুস্তফা কামালকে তাঁর বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার জন্য দুই সপ্তাহের সময় দিয়েছিল।
ওদিকে ভারতের বিপক্ষে ম্যাচের আম্পায়ারিং নিয়ে আইসিসিকে নিজেদের পর্যবেক্ষণ জানিয়ে যে চিঠি দিয়েছিল বিসিবি, আইসিসি সেটির জবাব দিয়েছে। ম্যাচের ‘বল বাই বল’ বিশ্লেষণ পাঠিয়েছে তারা। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সেটি নিশ্চিত করে বলেছেন, ‘আজই (গতকাল) এটি পেয়েছি। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে আমরা আমাদের মতামত দেব।’