বিসিবির আগে ডব্লুআইসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোর্টনি ওয়ালশই যে বোলিং কোচ হচ্ছেন, সেটা শুধু বিসিবি কর্মকর্তাদের মুখ থেকেই বের করা যাচ্ছিল না। আজ নয় কাল, কাল নয় পরশু...এই করেই চলেছে গত কয়েকটা দিন। এর মধ্যে ওয়ালশই একদিন মুঠোফোনে প্রথম আলোকে আভাস দিলেন, দায়িত্বটা তিনিই নিতে যাচ্ছেন। চুক্তি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত, ঢাকায় আসবেন আগামী সপ্তাহে; এসব খবরও জানাজানি হলো। বিসিবি তারপরও নিশ্চুপ থেকেছে। কাল যখন বিজ্ঞপ্তি দিয়ে তারা সেই মৌনতা ‘ভাঙল’, তার আগে ক্রিকেট-বিশ্বই জেনে গেছে, বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচের নাম কোর্টনি ওয়ালশ।
ওয়ালশকে নিয়ে কাল সর্বশেষ ‘ব্রেকিং নিউজ’টা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লুআইসিবি)। ওয়ালশ যে ১ সেপ্টেম্বর থেকে আগামী তিন বছরের জন্য বাংলাদেশ দলের বিশেষজ্ঞ বোলিং কোচ হওয়ার প্রস্তাব গ্রহণ করেছেন, সেটা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তারাই আগে জানিয়েছে। সঙ্গে ডব্লুআইসিবির নির্বাচকের পদ থেকে সদ্য সরে দাঁড়ানো ওয়ালশের বক্তব্যও আছে, ‘বিসিবির বোলিং কোচ হিসেবে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত। দলটার সঙ্গে কাজ করার জন্য আমি উন্মুখ। এই কয় বছর বাংলাদেশ দলের খেলা দেখে মনে হয়েছে দলটা দারুণ প্রতিভাবান। প্রধান কোচ হিসেবে ওদের নিয়ে খুব ভালো কাজ করছেন চন্ডিকা হাথুরুসিংহে। আশা করি, তাঁর সঙ্গে কাজ করে আমিও ইতিবাচক উন্নতিতে ভূমিকা রাখতে পারব।’ ডব্লুআইসিবিকে ধন্যবাদ দিয়ে বলেছেন, নির্বাচক হিসেবে উপভোগ্য সময়ই কাটিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিভাবান একটি দলের কোচ হিসেবে কাজ করার সুযোগটিও তিনি হাতছাড়া করতে চাননি।
লেভেল থ্রি কোচিং কোর্স করা ওয়ালশ কোচ হিসেবে প্রথম কাজ করবেন বাংলাদেশ দলের সঙ্গেই। ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তাঁর অর্জন অনেক। টেস্টে প্রথম বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। ক্যারিয়ার শেষ করেছেন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৫১৯ আর ওয়ানডেতে ২২৭ উইকেট নিয়ে। অবসরের পর নির্বাচক ছাড়াও কাজ করেছেন ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজার এবং সিপিএলের দল জ্যামাইকা তালওয়াসের ‘মেন্টর’ হিসেবে।
কাল ডব্লুআইসিবির ঘোষণার ঘণ্টা খানেক পর এসেছে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তি—‘কোর্টনি ওয়ালশ বাংলাদেশের বোলিং কোচ।’ তাতে বাড়তি বলতে প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর প্রতিক্রিয়া, ‘কোর্টনিকে পেয়ে আমরা আনন্দিত। তিনি লক্ষ লক্ষ ক্রিকেটারের আদর্শ এবং ফাস্ট বোলিংয়ে তাঁর জ্ঞান অদ্বিতীয়।’ ওয়ালশ বাংলাদেশ দলের পেস আক্রমণকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে তাঁর বিশ্বাস।
বিলম্বিত ঘোষণার জন্য বিসিবির যুক্তি ছিল, কোচই নাকি চাইছিলেন না চলমান চাকরি শেষ হওয়ার আগে অন্য কোনো দলের কোচ হিসেবে তাঁর নাম ঘোষিত হোক। ডব্লুআইসিবি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর সেই যুক্তি অবশ্য টেকে না কারণ, ওয়ালশের বাংলাদেশ দলের বোলিং কোচ হওয়াটা সম্পূর্ণই তাঁর এবং বিসিবির মধ্যকার ব্যাপার। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণাটাও বিসিবির কাছ থেকেই প্রথমে আসা উচিত ছিল। অথচ সবাই তা জানল ওয়ালশের পুরোনো কর্মস্থল থেকে!
দু-তিন দিন আগে আফগানিস্তান সিরিজের ঘোষণা নিয়েও ঘটেছে একই ঘটনা। বিসিবি সভাপতি রাত ৯টায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে যে ঘোষণাটা দিতে চেয়েছিলেন, আফগান ক্রিকেট বোর্ড তার ঘণ্টা খানেক আগেই সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তা জানিয়ে দিয়েছে। আফগানিস্তানের জন্য একটি টেস্ট দলের সঙ্গে সিরিজ খেলার যে আনন্দ, তার চেয়েও যেন একটি সহযোগী সদস্যদেশের সঙ্গে বাংলাদেশের সিরিজ খেলার আনন্দটা বেশি!