বিসিবির আশা, অস্ট্রেলিয়া আসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমে যেসব খবর আসছে, তাতে মনে হতেই পারে, অস্ট্রেলিয়া দলের এবারও বুঝি বাংলাদেশ সফরে আসা হবে না। আগস্ট-সেপ্টেম্বরের দুই টেস্টের সিরিজটা ঝুলে যাবে আরও একবার। কিন্তু বিসিবি বলছে, এখনই এমন ভাবার কোনো কারণ নেই। গতকাল সকালেও ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) যে ই-মেইলটা বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী পেয়েছেন, সেটি অস্ট্রেলিয়া দল বাংলাদেশে আসবে ধরে নিয়েই পাঠানো হয়েছে।

সংবাদমাধ্যমের তুমুল কৌতূহল মেটাতে কাল বিসিবির প্রধান নির্বাহী সিরিজ নিয়ে তাঁদের আশাবাদের কারণ ব্যাখ্যা করেছেন, ‘এখন পর্যন্ত তাদের সঙ্গে যা যোগাযোগ, যেমন আজকে (গতকাল) সকালেও হয়েছে, তাতে আমরা এ ধরনের (অস্ট্রেলিয়া দলের সফরে না আসা-সংক্রান্ত) কোনো তথ্য পাইনি। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২৫ জুলাই তাদের পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে। আমরা এখন সেটি নিয়েই কাজ করছি।’

অস্ট্রেলিয়া দল কোনো দেশে যাওয়ার আগে সিএর দুই-তিন সদস্যের প্রতিনিধিদল গিয়ে সে দেশের অবকাঠামোগত সুযোগ-সুবিধা, ভেন্যু, হোটেল এসব পর্যবেক্ষণ করে। ২৫ জুলাই সে দলটারই আসার কথা। এর বাইরে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনোভাবেই এখন পর্যন্ত অস্ট্রেলিয়া দলের বাংলাদেশে না আসার সংবাদ শোনেনি বিসিবি। খেলোয়াড়দের সঙ্গে আর্থিক বিষয়ে সিএর চলমান যে সমস্যা সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি করছে, সেটিকে তাদের অভ্যন্তরীণ বিষয়ই মনে করেন বিসিবির প্রধান নির্বাহী, ‘বিসিবি পূর্ণোদ্যমে প্রস্তুতি নিচ্ছে সিরিজ আয়োজনের জন্য। আমাদের বিশ্বাস, ক্রিকেট অস্ট্রেলিয়াও একইভাবে কাজ করছে। যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেটি একান্তই তাদের অভ্যন্তরীণ ব্যাপার। এ নিয়ে মন্তব্য করতে চাই না।’

বিসিবি আশাবাদী হলেও অস্ট্রেলিয়ান দৈনিক দ্য সিডনি মর্নিং হেরাল্ড হতাশ হওয়ার মতোই এক খবর দিয়েছে। খেলোয়াড়দের সঙ্গে সিএর চুক্তিটা যদি এখনো হয়ে যায়, তবু নাকি আগামী ২৩ নভেম্বর থেকে শুরু অ্যাশেজ সিরিজ নিয়ে অনিশ্চয়তা থাকবে। পত্রিকাটি জানিয়েছে, অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান অ্যালিস্টার নিকলসনই ই-মেইলে এ রকম এক বার্তাই দিয়েছেন ক্রিকেটারদের। ই-মেইলে তিনি লিখেছেন, ‘যদি চুক্তির ব্যাপারে ঐকমত্য হয়ও, এরপরের ধাপে দুই পক্ষের মধ্যে বিস্তারিত সমঝোতা স্মারক এবং চুক্তির খসড়া তৈরি হবে। এর মধ্যে এত বেশি বিষয় সম্পৃক্ত যে, কাগজপত্র তৈরিতে বেশ সময় লাগবে। অতীত অভিজ্ঞতাও তাই বলে।’ অ্যাশেজ নিয়েই যদি অনিশ্চয়তা থাকে, আগস্ট-সেপ্টেম্বরের বাংলাদেশ সফরের পরিণতি কী হবে, তা অনুমান করাই যায়।

নিকলসন সম্ভাব্য যে রকম সময় লাগার কথা বলেছেন, সেটি দ্রুত দুই পক্ষ মতৈক্যে পৌঁছাবে ধরে নিয়ে। কিন্তু বাস্তব চিত্র সে রকম ইঙ্গিত দিচ্ছে না। পরশু খেলোয়াড়দের সংগঠন দাবি করেছে, সিএর সঙ্গে তাদের আলোচনাই নাকি ভেঙে গেছে। সিএ যদিও আলোচনা ভাঙেনি দাবি করেছে, কিন্তু দুই পক্ষের দুই রকম বিবৃতিতেই পরিষ্কার, তাদের মধ্যে থাকা দূরত্ব একটুও কমেনি। সে ক্ষেত্রে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা থাকেই।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের খবরে চোখ আছে বিসিবিরও। তবে সিএ যেহেতু সফরটি হচ্ছে ধরে নিয়ে সঙ্গে নিয়মিত যোগাযোগগুলো রক্ষা করছে, এ নিয়ে এখনই চিন্তিত হওয়ার কারণ দেখছে না বিসিবি। মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস মনে করছেন, অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের এসব খবর সেখানকার বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে, ‘সংবাদমাধ্যমে যেসব খবর আসছে, সেগুলো তো ক্রিকেট অস্ট্রেলিয়ার বক্তব্য নয়। তারা হয়তো পরিস্থিতি বিশ্লেষণ করে এসব বলছে। আমার জানামতে, ক্রিকেট অস্ট্রেলিয়া এখনো আমাদের নেতিবাচক কিছু জানায়নি।’