বিসিবির চুক্তিতে চার নতুন
ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে গত মাসে বিসিবির পরিচালনা পরিষদের সভায়। কোন শ্রেণিতে কত টাকা বেড়েছে, কতজন খেলোয়াড় কেন্দ্রীয় চুক্তিতে আছেন—সব জানাই ছিল। কাল নতুন করে এ বছরের চুক্তিতে থাকা খেলোয়াড়দের নাম, শ্রেণি ও বেতনের অঙ্কটা জানিয়েছে বিসিবি।
তালিকায় নতুন মুখ তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম ও মোসাদ্দেক হোসেন। গত বছর চুক্তিতে থাকা ক্রিকেটারদের মধ্যে নাম নেই নাসির হোসেন, আরাফাত সানি ও আল আমিন হোসেনের।
‘এ প্লাস’ শ্রেণিতে পড়েছেন দলের চার সিনিয়র খেলোয়াড়-মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবাল। চারজনের বেতন মাসে চার লাখ টাকা করে। তিন সংস্করণের তিন অধিনায়ক মুশফিক, মাশরাফি ও সাকিব সঙ্গে আরও পাবেন মাসে ২০ হাজার টাকা করে প্রণোদনা ভাতা। টেস্ট দলের সহ-অধিনায়ক হিসেবে তামিম প্রণোদনা ভাতা পাবেন মাসে ১০ হাজার টাকা।
‘এ’ শ্রেণির একমাত্র খেলোয়াড় মাহমুদউল্লাহ পাবেন ৩ লাখ টাকা। ‘বি’ শ্রেণিতে থাকা ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান ও সৌম্য সরকারের বেতন মাসে ২ লাখ টাকা। রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন পড়েছেন ‘সি’ শ্রেণিতে। এই শ্রেণির খেলোয়াড়দের বেতন দেড় লাখ আর ‘ডি’ শ্রেণির তিন ক্রিকেটার তাইজুল ইসলাম, কামরুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ পাবেন মাসে ১ লাখ টাকা করে। এই বেতনকাঠামো কার্যকর গত জানুয়ারি থেকে।