বিসিবির নির্বাচনে না চেয়েও সর্বোচ্চ ভোট পেয়েছেন নাজমুল হাসান

বিসিবি সভাপতি নাজমুল হাসানফাইল ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিবি নির্বাচনের ফল কী হবে, সভাপতি কে হবেন—এসবই অনুমিত ছিল। শেষ পর্যন্ত হয়েছেও তাই। বিসিবি সভাপতির চেয়ারে টানা তৃতীয়বারের মতো বসছেন নাজমুল হাসান। গতকালের নির্বাচনের পর আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে সভাপতি বাছাইয়ের জন্য বৈঠকে বসেন ২৫ পরিচালক। বিসিবি সভাপতি হিসেবে তাঁরা প্রত্যাশিতভাবেই বেছে নিয়েছেন নাজমুল হাসানকে।

এবারের নির্বাচনে সর্বোচ্চ ৫৩ ভোট পেয়েছেন নাজমুল হাসান। এই বিভাগে ৫৭ ভোটের মধ্যে ভোট পড়েছে ৫৩টি। অথচ বিসিবি নির্বাচনে নাজমুল হাসান নাকি কাউন্সিলরদের কাছে ভোটই চাননি! আজ বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে নাজমুল হাসান বলেছেন, ‘সত্যি কথা হলো, আমি কারও কাছে ভোট চাইনি। আমার হয়ে অনেকেই হয়তো চেয়েছে। কিন্তু আমি কারও কাছে ভোট চাইনি। কারণ, আমি দেখতে চেয়েছি বাংলাদেশ ক্রিকেটের আসল অবস্থাটা কী—মানুষ কী মনে করেন, ভোটাররা কী মনে করেন।’

নাজমুল হাসান
ফাইল ছবি

নতুন মেয়াদে দায়িত্ব নিয়ে বাংলাদেশ দলের র‍্যাঙ্কিংয়ে উন্নতি করার কথা জানান নাজমুল হাসান। বিশেষ করে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ দলকে আরও ভালো অবস্থানে দেখতে চান তিনি। সে জন্য অবকাঠামোগত উন্নয়নে নজর দেওয়ার কথা বলেন নাজমুল হাসান।

সেটার শুরু তিনি করতে চান পূর্বাচলে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের কাজ শুরুর মাধ্যমে। বরাবরের মতো এবারও আঞ্চলিক ক্রিকেট সংস্থার জন্য অবকাঠামো উন্নয়ন করার আশ্বাস দিয়েছেন নাজমুল হাসান। এর সঙ্গে বিসিবির সংবিধানেও বেশ কিছু পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন তিনি।

বিসিবি সভাপতি নাজমুল হাসান
ফাইল ছবি: প্রথম আলো

এ ব্যাপারে নাজমুল হাসান বলেছেন, ‘আমাদের এখানে এতগুলো ক্লাব আছে। এখানে যারা এসেছে, বেশির ভাগই ক্লাবের সঙ্গে জড়িত। এত ক্লাব থাকার পরও ক্লাবের ভোট নেই। কিন্তু এমন অনেকের নাম দেখি, যাদের সঙ্গে ক্রিকেটের কোনো সম্পর্কই নেই। আমি গত ৮ বছরে ক্রিকেটের সঙ্গে তাদের কোনো সম্পর্ক দেখিনি। আমি মনে করি এখানে একটা পরিবর্তন আসতে পারে। এটা একটা উদাহরণ দিলাম। এমন আরও অনেক কিছু আছে।’