বিসিবির 'নির্বাচনী' সভা আজ
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ বিশাল মেজবান। কাগজে-কলমে উপলক্ষটা বাংলাদেশ দলের গত তিন বছরের সাফল্য উদ্যাপন হলেও অনেকেই এর মধ্যে খুঁজে পাচ্ছেন নির্বাচনী গন্ধ। মেজবান শেষে বিকেলে পরিচালনা পরিষদের যে সভাটি হবে, বিসিবির আসন্ন নির্বাচনের হাওয়া সেখানে আরও ভালোভাবেই আছে।
সভার ১৮১ পৃষ্ঠার আলোচ্যসূচিতে বিষয় ১৮টি। সেগুলোরও আবার অনেক শাখা-প্রশাখা। যার অন্যতম বিসিবির গঠনতন্ত্র সংশোধনের আলোচনা ও অনুমোদন। আঞ্চলিক ক্রিকেট সংস্থার গঠনতন্ত্র এবং বিসিবির বার্ষিক সাধারণ সভা নিয়েও আলোচনা হবে সভায়।
নির্বাচন এলে ক্লাবগুলোকে খুশি করার চাপও থাকে। ওয়ার্কিং কমিটির কাছ থেকে হয়তো সে জন্যই ঢাকা লিগের ক্লাবগুলোর অনুদান, যাতায়াত খরচ ও বিভিন্ন লিগের প্রাইজমানি বাড়ানোর প্রস্তাব আসবে। এ ছাড়া বিপিএলের আয় থেকে প্রিমিয়ার লিগের শীর্ষ ছয় ক্লাবকে ১৫ লাখ টাকা করে এবং অন্য ক্লাবগুলোকে ১০ লাখ করে দেওয়ারও প্রস্তাব করা হবে সভায়।
বিসিবি থেকে এত টাকা দেওয়ার পরও ক্লাবগুলো খেলোয়াড়দের পারিশ্রমিক ঠিকভাবে দেবে, সে নিশ্চয়তা অবশ্য নেই। ২০১৫-১৬ মৌসুমে ক্রিকেটারদের পুরো টাকা শোধ করেনি কলাবাগান ক্রিকেট একাডেমি, সিসিএস, ব্রাদার্স ও ভিক্টোরিয়া। এই চারটি ক্লাবের হয়ে ক্রিকেটারদের ১ কোটি ৪৬ লাখ ১৮ হাজার ১০০ টাকা দিয়েছে বিসিবি। আজকের সভায় সেই খরচকেও অনুমোদন দেওয়া হবে।
এ ছাড়া আন্তর্জাতিক ক্রিকেট কাঠামোর পরিবর্তন নিয়ে আইসিসির সর্বশেষ সভার আলোচনা, বিসিবির ২০১৬-১৭ সালের বাজেট এবং প্রতি সভার নিয়মিত বিষয় নিম্বাসের সঙ্গে আইনি লড়াইয়ের সর্বশেষ অবস্থাও আছে আলোচ্যসূচিতে।