বিসিসিআই সংস্কারের হৃৎপিণ্ড, কিডনি ও ফুসফুস কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংস্কার প্রস্তাব মানতে এখনো আপত্তি দেখাচ্ছে বিসিসিআই। ফাইল ছবি
সংস্কার প্রস্তাব মানতে এখনো আপত্তি দেখাচ্ছে বিসিসিআই। ফাইল ছবি

ভারতীয় ক্রিকেট বোর্ড অবশেষে রাজি হয়েছে লোধা কমিশনের সংস্কার মেনে নিতে। তবে তা না মানলেও চলত। পাঁচটি প্রস্তাব ছাড়া আর সব সুপারিশই মেনে নিচ্ছে বিসিসিআই। কিন্তু ভারতীয় ক্রিকেটের সমস্যা দূর করতে যে পাঁচটি মূল প্রস্তাব করা হয়েছিল, বেছে বেছে ঠিক সেই পাঁচটি প্রস্তাবই বাস্তবায়নে অপারগতার কথা উঠে এসেছে কালকের বিশেষ বোর্ড সভায়! 

বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তের পর বিচারপতি আর এম লোধার দাবি, প্রস্তাবের গুরুত্বপূর্ণ সব অঙ্গ কেটে ফেললে আর সংস্কার করে লাভ কী!
গতকাল বিশেষ সাধারণ সভায় ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের সিদ্ধান্ত জানিয়েছে। তাতে দেখা যাচ্ছে, এই পাঁচটি সুপারিশ মানতে রাজি নয় বিসিসিআই:
১. এক রাজ্যে শুধু এক ভোট
২. নির্বাচিত কর্মকর্তাদের ক্ষমতার সীমাবদ্ধতা
৩. শীর্ষ কমিটির পরিধি ও নিয়মনীতি
৪. পরিচালকদের বয়স ও কত দিন পর তাঁরা পুনর্নির্বাচিত হতে পারবেন, সে সংক্রান্ত নীতি
৫ নির্বাচক কমিটির সদস্যসংখ্যা
এতেই খেপেছেন বিচারপতি লোধা, যিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের দীর্ঘদিনের জঞ্জাল পরিষ্কারের দায়িত্ব পেয়েছিলেন সুপ্রিম কোর্টের কাছ থেকে। গঠন করা হয়েছিল লোধা কমিশন। বিচারপতি লোধা বলেছেন, ‘আমি খুবই অবাক হয়েছি, বিসিসিআই সব বড় সংস্কার প্রস্তাবই বাতিল করে দিচ্ছে। প্রস্তাবের হৃৎপিণ্ড, কিডনি ও ফুসফুস—সবই তো ফেলে দেওয়া হচ্ছে। কমিটি একটি পরিপূর্ণ প্রস্তাব দিয়েছিল, কিন্তু সেটার গুরুত্বপূর্ণ সব অঙ্গই ফেলে দেওয়া হচ্ছে। আমি জানি না কী হচ্ছে!’
২০১৬-এর জুলাইয়ে সুপ্রিম কোর্ট বিসিসিআইকে ছয় মাসের মধ্যে লোধা কমিশনের সংস্কার প্রস্তাব বাস্তবায়নের নির্দেশ দেয়। বিসিসিআই প্রথম থেকেই এর বিরোধিতা করে আসছিল। সুপ্রিম কোর্ট এ কারণে তখনকার কমিটি বাতিল করে একটি অন্তর্বর্তী প্রশাসক কমিটি (সিওএ) করে দেয়। কিন্তু বোর্ড সদস্যদের অসহযোগিতার মুখে লোধা কমিশনের সুপারিশ বাস্তবায়ন হয়নি এখনো।
বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে, গত বছরও লোধা কমিশনের প্রস্তাবিত সংস্করণের ৮৫-৯০ ভাগ মেনে নিতে রাজি ছিলেন বোর্ড সদস্যরা। আর এক বছর পর মূল পাঁচটি প্রস্তাবই মানতে চাইছেন না তাঁরা! বিচারপতি লোধা বোর্ডের এমন আচরণের দ্রুত নিষ্পত্তি চান, ‘বিসিসিআই কর্মকর্তাদের ক্ষমতা কমানো ও শীর্ষ কাউন্সিলের নির্দিষ্ট ক্ষমতার পরিধির প্রস্তাব মানতে রাজি নয়। এর মানে তারা আসলে সংস্কারেই রাজি নয়। আমি নিশ্চিত, মহামান্য আদালত দ্রুত এ বিষয়ে নজর দেবেন।’ সূত্র: ক্রিকইনফো।