বিসিসিআইকে আদালতে নিচ্ছেন শ্রীশান্ত
শ্রীশান্তের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ঝামেলা যেন শেষই হচ্ছে না। বরং দিনে দিনে আরও বাড়ছে। এমনই যে, এবার বিসিসিআইকে আন্তর্জাতিক ক্রীড়া আদালতেও নেওয়ার কথা ভাবছেন ভারতীয় পেসার। বিসিসিআই তাঁকে অনাপত্তিপত্র না দেওয়ায় যে কোথাও ক্রিকেট খেলতে পারছেন না ৩৪ বছর বয়সী বোলার।
ঝামেলাটা চলছে আইপিএলে শ্রীশান্তের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগকে ঘিরেই। ২০১৩ সালে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগটির ষষ্ঠ আসরে তাঁর বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠায় শ্রীশান্তকে আজীবন নিষিদ্ধ করে বিসিসিআই। ২০১৫ সালে দিল্লির এক আদালত শ্রীশান্তের বিরুদ্ধে আনা সব অভিযোগ খারিজ করে দিলেও বিসিসিআই আজীবন নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়নি।
গত মঙ্গলবার টুইটারে আইসিসি ও বিসিসিআইকে ট্যাগ করে ঘোষণা দিয়ে দেন, ১৯ ফেব্রুয়ারি কেরালার দল এরনাকুলামের হয়ে খেলবেন। পরদিনই বিসিসিআই শ্রীশান্তকে খেলতে না দেওয়ার নির্দেশসংবলিত চিঠি দেয় কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে। এর পরিপ্রেক্ষিতেই শ্রীশান্ত এখন বিসিসিআইকে নিতে চাইছেন আন্তর্জাতিক ক্রীড়া আদালতে, ‘আমি বিসিসিআইকে আদালতে নিচ্ছি, এটা ১৫০ ভাগ নিশ্চিত।’ ইন্ডিয়া টাইমস।