বিসিসিআইকে আদালতে নেবেন রউফ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উল্টো মামলার হুমকি আসাদ রউফের—ছবি: এএফপি
উল্টো মামলার হুমকি আসাদ রউফের—ছবি: এএফপি

আইপিএলের ম্যাচ পরিচালনা করতে এসে জুয়াড়িদের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে পাকিস্তানি আম্পায়ার আসাদ রউফের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পাঁচ বছরের জন্য বিসিসিআইয়ের কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে তাঁকে। কিন্তু নিজের বিরুদ্ধে নেওয়া এই পদক্ষেপে ক্ষুব্ধ রউফ উল্টো মামলা করার হুমকি দিয়েছেন ভারতীয় বোর্ডকে।
২০১৩ সালে আইপিএলের আসর কলঙ্কিত করেছিল স্পট ফিক্সিংয়ের ঘটনা। যাতে জড়িয়ে জেলে যেতে হয়েছিল শ্রীশান্তসহ আরও দুই ক্রিকেটার অঙ্কিত চাভান ও অজিত চান্ডিলাকে। আসাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, জুয়াড়িদের সঙ্গে সম্পর্ক রেখে তিনি স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়েছিলেন। সে সময় জুয়াড়িদের কাছ থেকে ইলেকট্রনিক দ্রব্যসহ মূল্যবান সোনার অলঙ্কারাদি গ্রহণেরও অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।
আসাদ রউফ বলছেন, বিসিসিআই তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ এনে তাঁকে নিষিদ্ধ করলেও এ ব্যাপারে কোনো প্রমাণাদি হাজির করতে পারেনি, ‘যেখানে মুম্বাই আদালত যেখানে বলেছে আমার বিরুদ্ধে পুলিশ কোনো প্রমাণ হাজির করতে পারেনি, সেখানে ভারতীয় বোর্ড কীসের ভিত্তিতে আমাকে নিষিদ্ধ করল?’ আইপিএলের দুর্নীতি তদন্তে যে কমিশন নিয়োগ দেওয়া হয়েছিল, সে কমিশনের বক্তব্যও প্রত্যাখ্যান করেছেন রউফ। তাঁর ভাষায়, ‘আমি আইপিএল শেষ করেই দেশের উদ্দেশে ভারত ছেড়েছিলাম। আইপিএল শেষ না করে ভারত ত্যাগ করার যে অভিযোগ বিসিসিআই এখন করছে, তা ডাহা মিথ্যা।’ রউফ এই মুহূর্তে তাঁর আইনজীবী সহ বিসিসিআইয়ের যেকোনো তদন্তেই হাজির হওয়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন।
সভাপতি শশাঙ্ক মনোহরের নেতৃত্বে বিসিসিআইয়ের একটি কমিটি শুক্রবার দুর্নীতি ও অসদাচরণের দায়ে রউফের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেন। কমিটিতে অবশ্য রউফ উপস্থিত ছিলেন না। তবে এর আগে কয়েকবারই সংবাদ সম্মেলন করে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন পাকিস্তানি আম্পায়ার। সূত্র: পিটিআই।