বিসিসিআইকেই একহাত নিলেন কোহলি

বিশ্ব ক্রিকেটে বিরাট কোহলিকে সবাই ভয়ডরহীন এক ক্রিকেটার হিসেবেই চেনেন। অধিনায়ক হওয়ার পর আগের চেয়েও দায়িত্বশীল হয়েছেন। কিন্তু রাখঢাক না করে শুধু মুখের কথায় যে ধোলাই দিতে পারেন, তা আরও একবার প্রমাণ করলেন।
অসন্তুষ্টি সিরিজের সময়সূচি নিয়ে। দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত কখনো সিরিজ জেতেনি ভারত। এবার ধারণা করা হচ্ছে সেরা সুযোগ। কিন্তু দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে যথেষ্ট সময় ভারত পাবে না। এখানেই কোহলির আপত্তি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটাকেই তাই প্রস্তুতির সুযোগ ধরে নিতে হচ্ছে। ইডেনের উইকেট বানানো হয়েছিল ওভাবেই। আর বৃষ্টিভেজা কন্ডিশনে তাতে উল্টো বিপদে পড়ে গিয়েছিল ভারত।
ওই টেস্টে কোহলির নির্দেশেই এমন উইকেট বানানো হয়েছিল কি না, এমন প্রশ্নের জবাব দিতে গিয়েই ভেতরের বিরক্তিটা প্রকাশ করে দিলেন ভারত অধিনায়ক, ‘হ্যাঁ, আমি এমনটাই চেয়েছি। কারণ, দুঃখজনকভাবে এই সিরিজ শেষ হওয়ার দুই দিনের মধ্যেই আমাদের দক্ষিণ আফ্রিকা রওনা হতে হবে। এক মাস সময় পাওয়া গেলে হয়তো আমরা ক্যাম্প করতাম সেখানে। সামনে আমাদের জন্য যা অপেক্ষা করছে, তার জন্য এভাবে প্রস্তুত হওয়া ছাড়া কোনো পথ খোলা নেই।’
কোহলি যোগ করেছেন, ‘আবারও সময়ের অভাবে ভুগতে হতে হলো। এই ব্যাপারটা খতিয়ে দেখা উচিত। কারণ, সফরে গেলে খুব সহজেই একটি দলের সমালোচনা করা হয়। প্রস্তুতি নেওয়ার জন্য কদিন সময় পেল, সেটা দেখা হয় না। টেস্ট শেষ হতেই সমালোচনা শুরু।’
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ইডেন গার্ডেনের সবুজ উইকেটে খেলেছে ভারত। দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতির জন্য এমন উইকেট চেয়ে নিয়ে স্বাগতিকদের কিন্তু ভুগতেই হয়েছে। বৃষ্টি আর ভেজা উইকেটের সুবিধা নিয়ে চার দিন ছড়ি ঘুরিয়েছে লঙ্কানরা। তবে শেষ দিনের দেড় সেশনেই প্রতিবেশীদের ঘাম ছুটিয়ে দিয়েছেন শামি-ভুবনেশ্বররা। কোহলির সেঞ্চুরি ম্যাচের রং বদলে দিয়েছিল।
কোহলি বলেছেন, ‘আপনারা জানেন, আমি চাপে খেলতে পছন্দ করি। আমার মনে হয়, এই টেস্টে আমরা নিজেদের ভালোই ঝালাই করে নিয়েছি। সবাই হয়তো প্রথম থেকেই সফল হবে না। তবে এক, দুই এমনকি তিন ইনিংস পর ঠিকই নিজেদের মানিয়ে নেবে। সেই আত্মবিশ্বাসটাই আমাদের জ্বালানি। একই কথা বোলারদের জন্যও প্রযোজ্য।’ সূত্র : টাইমস নাউ।