বিসিসিআইর জরুরি সভায় বাংলাদেশ
মুস্তফা কামাল ইস্যুতে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে বিসিবি। বিসিসিআই সভাপতি জগমোহন ডালমিয়াও কোনো মন্তব্য করতে চাননি। কিন্তু দুই দেশের দুই শীর্ষ ক্রিকেট-কর্তার সম্পর্কের আঁচ ঠিকই লাগছে দুই বোর্ডের সম্পর্কে। বাংলাদেশ সফর নিয়ে সপ্তাহ খানেকের মধ্যে জরুরি সভা ডাকতে পারে বিসিসিআই। ভারতীয় বোর্ডের শ্রীনিবাসনপন্থীদের চাওয়া, জরুরি সভায় ভারতের বাংলাদেশ সফর বাতিল করা হোক। আগামী জুনে ১ টেস্ট ও ৩ ওয়ানডের সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ভারতীয় দলের।
সুপ্রিম কোর্টের আদেশে এন শ্রীনিবাসনকে বিসিসিআই থেকে সরে যেতে হয়েছে। তবে বোর্ডে তাঁর ঘনিষ্ঠ লোকের অভাব নেই। বর্তমান প্রধান ডালমিয়াও এখন শ্রীনিবাসন শিবিরের লোক বলে পরিচিতি আছে। আইসিসি সভাপতির পদ থেকে পদত্যাগের সময় মুস্তফা কামাল শ্রীনিবাসনকে ব্যক্তিগত আক্রমণ করে যেসব কথা সংবাদমাধ্যমে বলেছেন, বিসিসিআইয়ের শ্রীনিবাসন শিবির তাতে খুবই ক্ষিপ্ত। সিরিজ বাতিল করেই তাই বাংলাদেশকে শিক্ষা দিতে চায় তারা। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্তা আইএএনএসকে বলেছেন, ‘ওই পক্ষ সভায় জুনের বাংলাদেশ সফর বাতিল করতে দাবি তুলবে। তাঁরা যুক্তি দেবেন শ্রীনিবাসন আইসিসিতে বিসিসিআইয়ের প্রতিনিধি আর কামাল যেভাবে তাঁকে অপমান করেছেন, ব্যাপারটি এখন জাতীয় ইস্যু।’
তবে চাইলেই যে শ্রীনবাসনপন্থীদের চাওয়া পূরণ হবে, ব্যাপারটি এত সহজ নয়। ওই বিসিসিআই কর্তাই বলেছেন, ‘বোর্ডে শ্রীনিবাসনের বিপক্ষের অনেক লোকও আছে। তাঁরা অবশ্যই সফর বাতিলের তীব্র বিরোধিতা করবেন এই যুক্তিতে যে, কামালের লড়াই বিসিসিআইয়ের বিরুদ্ধে নয়, সমস্যাটা শ্রীনিবাসনের সঙ্গে ব্যক্তিগত। ওই ইস্যুতে সফর বাতিল করে বিসিসিআই কূটনৈতিক সমস্যা সৃষ্টি করতে পারে না।’
ভারত-বাংলাদেশের কূটনৈতিক দৃষ্টিকোণ থেকেই সফর বাতিল হবে খুবই স্পর্শকাতর। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণেই নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার চাইবে না সফল বাতিল হোক। বিশেষ করে এই সময়ে, যখন সামনেই বাংলাদেশ সফর করার কথা নরেন্দ্র মোদির। সীমান্ত সমস্যা ও তিস্তার পানি চুক্তির ব্যাপারগুলো নিয়ে নিজেদের মধ্যে বোঝাপড়া হলেই বাংলাদেশ সফরে আসবেন মোদি। এই সময়ে ক্রিকেট দল সফর বাতিল করলে আবার কূটনৈতিক টানাপোড়েন শুরু হবে। তা ছাড়া পাকিস্তান যেখানে এই মাসেই আসছে বাংলাদেশ সফরে, ভারতের বাংলাদেশ সফর বাতিল করা কূটনৈতিক দিক থেকে কোনোভাবেই উচিত হবে না, মতামত পররাষ্ট্র বিশেষজ্ঞদের।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিসিসিআই কর্তা আবার আরেকটি বাস্তবতাও তুলে ধরেছেন, ‘বোর্ডে শ্রীনিবাসনবিরোধী পক্ষের অনেকে আবার চান ভারত এই সফর বাতিল করুক বা এই ধরনের হঠকারী কিছু করুক। সে ক্ষেত্রে পরিস্থিতি আরও উত্তপ্ত হবে। মোদি সরকার তখন হয়তো বিসিসিআইয়ের ব্যাপারে কঠিন হবে এবং শ্রীনিবাসনকে বোর্ড থেকে ছুড়ে ফেলবে।’ মোদি সরকারের কয়েকজন মন্ত্রী বিসিসিআইয়ের সঙ্গে সংশ্লিষ্ট এবং তাঁরা সবাই শ্রীনিবাসনবিরোধী। তাঁরা একটি সুযোগের অপেক্ষায় আছেন।
দুই দেশের রাজনৈতিক সম্পর্ক, ক্রিকেট সম্পর্ক, বিসিসিআইয়ের অভ্যন্তরীণ রাজনীতি, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করছে। সময়ই হয়তো বের করে দেবে সমাধান! আইএএনএস।