বিসিসিআইর মসনদে আবার ডালমিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ছিলেন শারদ পাওয়ার। কিন্তু কাল বেলা তিনটায় শেষ সময় পেরিয়ে যাওয়ার পরও মনোনয়নপত্র জমা দেননি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআইয়ের নতুন সভাপতি নির্বাচিত হয়ে যাওয়াটা তাই একরকম নিশ্চিতই হয়ে গেল আরেক সাবেক সভাপতি জগমোহন ডালমিয়ার। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। আজ বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা শেষে আসার কথা সে ঘোষণা।
এর আগে বিসিসিআই সভাপতি ছিলেন আইসিসির বর্তমান সভাপতি এন শ্রীনিবাসন। আদালতের নির্দেশে সরে যেতে হয়েছে তাঁকে। এমনকি ভোটাধিকার থাকলেও তিনি প্রার্থী হতে পারেননি নির্বাচনে। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বোর্ড সভাপতি নির্বাচনে শ্রীনিবাসন সমর্থন দিয়েছেন ডালমিয়াকেই। ৭৪ বছর বয়সী ডালমিয়া ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত আইসিসি সভাপতিরও দায়িত্ব পালন করেছেন। শ্রীনিবাসনকে সরিয়ে দেওয়ার পর ডালমিয়াই ছিলেন বিসিসিআইয়ের অন্তর্বর্তীকালীন সভাপতি। এএফপি।