বিসিসিআইয়ে ঠাকুরের চ্যালেঞ্জ
বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের সভাপতি এখন তিনি। ক্রিকেটে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের কাতারেও চলে এসেছেন। কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েও তৃপ্তির ঢেকুর তুলতে পারছেন না অনুরাগ ঠাকুর। বোর্ডকে ঢেলে সাজানোর কঠিন দায়িত্ব যে চেপেছে তাঁর কাঁধে।
আইসিসির প্রথম স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে সরে দাঁড়ান শশাঙ্ক মনোহর। বোর্ডে তাঁর উত্তরসূরি হিসেবে অনুরাগের নামই আসছিল ঘুরেফিরে। সেটিই হয়েছে, পরশু বিসিসিআইয়ের িদ্বতীয় সর্বকনিষ্ঠ সভাপতি নির্বাচিত হলেন ঠাকুর। দায়িত্ব পেয়ে নিজের কর্তব্য ঠিক করে ফেলেছেন ৪১ বছর বয়সী ক্রিকেট প্রশাসক, ‘একে একটা সুযোগ হিসেবে দেখছি। সময় এসেছে কিছু করার। আমাদের যা উচিত, যা প্রয়োজনীয় এবং যেটা বাস্তবসম্মত, ধীরে ধীরে তার সবই করব আমরা।’
কাজটি সহজ হবে না মোটেও। ভারতীয় বোর্ডকে ঘিরে সৃষ্টি হচ্ছে একের পর এক বিতর্ক। আইপিএলের ম্যাচ পাতানো ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত বিসিসিআই। বিভিন্ন দিক থেকে বোর্ডকে ঢেলে সাজানোর চাপ আসছে। সমস্যার সমাধানে বিচারপতি আর এম লোধার নেতৃত্বে গঠিত কমিশন বেশ কিছু সংস্কার প্রস্তাব দিয়েছে।
ম্যাচ পাতানোর ঝুঁকি কমাতে ওভারের মাঝে বিজ্ঞাপন না দেখানোর প্রস্তাবটাও দিয়েছে লোধা কমিশন। কিন্তু এ ব্যাপারে পূর্বসূরির পথেই হাঁটছেন ঠাকুর, ‘বিজ্ঞাপনই বিসিসিআইয়ের আয়ের উৎস। এ দিয়েই কর্মীদের বেতন দেওয়া হয়, রাজ্য দলগুলোর তহবিলও আসে এ থেকে।’ পুনর্গঠনের প্রস্তাবকে অবশ্য একেবারে উড়িয়ে দিচ্ছেন না বিসিসিআইয়ের ইতিহাসের দ্বিতীয় সর্বকনিষ্ঠ সভাপতি, ‘আমাদের কর্তব্য কী সেটি জানি আমরা এবং আমরা শতভাগই দেব।’ এএফপি।