বিসিসিআইয়ে 'নিষিদ্ধ' মন্ত্রী-আমলারা
ভারতের সুপ্রিম কোর্ট লোধা কমিশনের সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন ক্রিকেট বোর্ডকে। এবং সেটি করতে হবে আগামী ছয় মাসের মধ্যেই। এর ফলে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দরজা বন্ধ হয়ে যাবে মন্ত্রী ও আমলাদের জন্য।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে স্পট ফিক্সিং ও ম্যাচ পাতানোর ঘটনার মূল উৎস খুঁজে বের করার জন্য সাবেক প্রধান বিচারপতি আর এম লোধার নেতৃত্বে তিন সদস্যের কমিশন গঠিত হয়েছিল। কিন্তু কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে পড়ে। বিভিন্ন অনিয়ম, কেলেঙ্কারিতে বোর্ড কর্মকর্তাদের সম্পৃক্ততা ও বিভিন্ন কাজে স্বজনপ্রীতির ইঙ্গিত পেয়ে ৪ জানুয়ারি লোধা কমিশন বেশ কিছু সুপারিশ জমা দেয়। কিন্তু এতে কর্মকর্তাদের ক্ষমতা কমে যাওয়া ও বোর্ডের আয় সংকুচিত হওয়ার শঙ্কা থাকায় ওই সুপারিশমালা মানতে অনীহা দেখায় বিসিসিআই। আপিল করা হয় সর্বোচ্চ আদালতে। কিন্তু গতকাল সর্বোচ্চ আদালতের রায়ের পর বোর্ডকে সুপারিশগুলোকে বাস্তবায়নের উদ্যোগ বোর্ডকে নিতেই হবে।
যেসব সুপারিশ কার্যকর করতে বলেছে আদালত—
১. মন্ত্রী ও সরকারি কর্মকর্তারা বিসিসিআইয়ে আসতে পাররেন না।
২. প্রধান নিরীক্ষকের (সিএজি) মনোনীত একজন প্রতিনিধি থাকবেন বিসিসিআইয়ে।
৩. বিসিসিআইয়ে সত্তরোর্ধ্ব কোনো কর্মকর্তা থাকতে পারবেন না। প্রশাসনে এক ব্যক্তি একটির বেশি পদে থাকতে পারবেন না।
৪. ক্রিকেট বোর্ডে প্রতিটি রাজ্যের ভোট একটি। মহারাষ্ট্র ও গুজরাটের মতো রাজ্য যেগুলোর একাধিক ক্রিকেট সংস্থা আছে, তারা পর্যায়ক্রমে ভোটাধিকার পাবে।
৫. বোর্ডে খেলোয়াড়দের একটি সংগঠন থাকা উচিত।
৬. বোর্ডের কার্যকলাপ ও এর তথ্য সবার জন্য উন্মুক্ত থাকবে। এটি অবশ্য হবে আইনসভার সিদ্ধান্ত সাপেক্ষে।
৭. ভারতে ক্রিকেট নিয়ে বাজি ধরাকে বৈধতা দেওয়া হোক। এটিও হবে আইনসভার সিদ্ধান্তে। সূত্র: রয়টার্স।