বিসিসিআইয়ের চাওয়াতেই এমন পিচ!
পুনে টেস্টে প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার জন্য যে স্পিনফাঁদ পেতেছিল ভারত, সে ফাঁদে ধরা খেয়েছে নিজেরাই। কেউ কেউ এখন প্রশ্নও তুলছেন-কী দরকার ছিল এমন ‘ন্যাড়া ও শুষ্ক’ উইকেট বানানোর? দায়টা অবশ্য নিজের কাঁধে নিতে রাজি নন মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠের কিউরেটর পান্ডুরাং সালগাঁওকার। তাঁর দাবি, ‘ন্যাড়া ও শুষ্ক উইকেট তৈরির ব্যাপারে বিসিসিআইকে সতর্ক করে দিয়েছিলাম আমি। কারও নাম মুখে আনছি না। তাঁদের আমি বলেছিলাম উইকেটে পানি না দেওয়া এবং ঘাস ছাঁটা ক্ষতির কারণ হবে। তাদের বোঝানোর সর্বোচ্চ চেষ্টাটাই করেছি আমি।’
কিন্তু উইকেট তৈরির দায়িত্ব তাঁর হওয়ার পরও পানি না দেওয়ায় এবং পিচ থেকে ঘাস তুলে দেওয়ার সময় প্রতিবাদ করেননি কেন? এমন প্রশ্নে সালগাঁওকারের উত্তর, ‘কী করতে পারতাম আমি? ঘটনা হলো, আন্তর্জাতিক ম্যাচের আগে আমাদের কর্মীর সংখ্যা কমিয়ে দেওয়া হয়। পিচের দেখভালের দায়িত্ব বিসিসিআইয়ের উইকেট কমিটির সদস্যদের। তাঁদের নির্দেশনা পালন করতে হয় আমাদের। তাঁরা যা বললেন, তা করাটাই আমার কাজ। আর আমি সেটাই করেছি।’
পুনের ওই উইকেট নাকি ভারতীয় টিম ম্যানেজমেন্টেরই পছন্দ ছিল। তাদের পছন্দ অনুযায়ীই বিসিসিআইয়ের উইকেট কমিটির প্রধান দলজিৎ সিং এবং পশ্চিমাঞ্চলের প্রধান ধীরাজ প্রসন্নের নির্দেশনাতেই এমন পিচ বানানো। তখন কে জানত, অন্যের জন্য যে ফাঁদ বানানো হচ্ছে, সে ফাঁদে পা দেবে ভারতই! ওয়ান ইন্ডিয়া।