বিসিসিআইয়ের নতুন সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতা টেস্ট জিতে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নতুন করে ফিরে পেয়েছে ভারত। সেই আনন্দের মধ্যেই বড় ধরনের সংকটে পড়ে গেল ভারতীয় ক্রিকেট। নজিরবিহীন এক ঘটনায় সামনে চলে এল সংস্কার প্রস্তাবকে সামনে রেখে লোধা কমিশন ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দ্বন্দ্বের তীব্রতা। দ্বন্দ্ব এমন এক পর্যায়ে পৌঁছে গেল, যেখানে লোধা কমিশন বাধ্য হলো বিসিসিআইয়ের লেনদেন আটকে দিতে।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ চলার সময় এমন ঘটনায় যখন বিসিসিআই সিরিজটি স্থগিত রাখার পরিকল্পনা পর্যন্ত করেছে, তখনই লোধা কমিশন জানায় ব্যাংক হিসাব বন্ধ নয়, বিসিসিআইয়ের দুটি বিশেষ লেনদেন বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন তাঁরা।

পুরো বিষয়টি ভীষণই উত্তেজনা ছড়িয়েছে ভারতের ক্রিকেট অঙ্গনে। লোধা কমিশনের এমন কাজে ক্ষুব্ধ বিসিসিআই সোজাসাপ্টা জানিয়ে দেয়, এমন পরিস্থিতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, অর্থ না থাকলে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ স্থগিতই ঘোষণা করতে হবে। খেলোয়াড়েরা যদি টাকা না পেয়ে খেলতে রাজি থাকেন, তাহলে আমাদেরও খেলা চালিয়ে যেতে আপত্তি নেই। নাম প্রকাশে অনিচ্ছুক এই ক্রিকেট প্রশাসক সাম্প্রতিক কালে লোধা কমিশন বোর্ডের দৈনন্দিন কার্যক্রমে ‘হস্তক্ষেপ’ করছে বলেও অভিযোগ করেন। তিনি বলেন, বোর্ডের দৈনন্দিন বিষয়ে হস্তক্ষেপ করার ক্ষমতা লোধা কমিটির নেই। এটা বেআইনি।

লোধা কমিটির অভিযোগ, বিসিসিআই ভারতের সর্বোচ্চ আদালতের নির্দেশনা না মানার পাঁয়তারা করছে। ব্যাংক হিসাব নিয়ে সমস্যার মূলেও আছে বোর্ডের একটি গোপন বৈঠকে নেওয়া সিদ্ধান্ত। লোধা কমিটি বিশেষ সূত্রের মাধ্যমে জানতে পারে, বোর্ড ব্যাংক হিসাবে গচ্ছিত মোট অর্থের এক-চতুর্থাংশ বিভিন্ন ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এতে বিপুল অর্থ বোর্ডের কোষাগার থেকে বেরিয়ে যেত। পুরো ব্যাপারটা গোপন রাখার পরও তা লোধা কমিশনের কানে গেলে সোমবার কমিশন দ্রুত এই লেনদেন স্থগিত করে দেয়। সূত্র: রয়টার্স, এনডিটিভি।