বিস্মিত কোয়াব সভাপতিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাঈমুর রহমান
নাঈমুর রহমান

কোয়াব (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সাধারণ সম্পাদক দেবব্রত পাল কিছুই জানতেন না। এক সহসভাপতি ইফতেখার রহমান (মিঠু) পরিষ্কার বলেছেন, ‘আমরা কিছুই জানতাম না। ইসি কমিটিতে বা এমনি কোনো আলোচনাও হয়নি।’ বাকি ছিলেন কোয়াব সভাপতি নাঈমুর রহমান। কাল ব্যাংকক থেকে দেশে ফিরে সব জেনে বিস্মিত নাঈমুরও। একটি সংবাদ সম্মেলন হবে, সেটি তিনি জানতেন। কিন্তু যৌথ সংবাদ সম্মেলন বা সেখানে এত কিছু হওয়ার তো কথা ছিল না!
৮ ডিসেম্বর শেরেবাংলা স্টেডিয়ামে প্রিমিয়ার ডিভিশন ক্লাব অ্যাসোসিয়েশন, আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন ও কোয়াবের যৌথ সংবাদ সম্মেলনে কোয়াবের প্রতিনিধি হিসেবে লিখিত বিবৃতি পাঠ করেছিলেন হান্নান সরকার। সংবাদ সম্মেলনে লুৎফর রহমানের বক্তব্যের পরও একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছিল কোয়াব, যেটির ভাষা ছিল অনেক মার্জিত। কিন্তু সংবাদ সম্মেলনের বিবৃতি ছিল অনেক আক্রমণাত্মক। হঠাৎ ভাষা কেন পাল্টে গেল, কোয়াবের একজন সদস্য কেন বিবৃতি পাঠ করলেন—এসব নিয়ে প্রশ্ন উঠেছিল সংবাদ সম্মেলনে। কোয়াবের এক সহসভাপতি, যিনি একই সঙ্গে বোর্ড পরিচালক, বিসিবির ডেভেলপমেন্ট কমিটির প্রধান, আবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কোচ, সেই খালেদ মাহমুদ বলেছিলেন, ‘কোয়াবের প্রেসিডেন্ট অবশ্যই অবগত আছেন, তাঁর সঙ্গে আমার কথা হয়েছে। আর কোয়াবের সর্বসম্মত সিদ্ধান্ত না হলে তো এটি আমরা বলতে পারি না এখানে।’
আদতে সেটি যে সর্বস্মত সিদ্ধান্ত ছিল না, আগেই সেটি নিশ্চিত করে দিয়েছেন আরেক সহসভাপতি ও সাধারণ সম্পাদক। কাল সভাপতি নাঈমুর রহমান বললেন, ‘সুজন ভাই আমাকে ফোন করে বলেছিলেন বাদল ভাইয়ের বক্তব্যের ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে। উনি বোধ হয় জানতেন না, আমরা আগেই একটি বিবৃতি পাঠিয়েছি সংবাদমাধ্যমে এবং যেভাবে লেখা উচিত, সেটি সেভাবেই লেখা হয়েছিল। সুজন ভাই আমাকে বলেছিলেন যে প্রেস কনফারেন্স করতে চান। আমিও বলেছিলাম সমস্যা নেই। আমি জানতাম সেটি হবে কোয়াবের প্রেস কনফারেন্স, ক্লাব অ্যাসোসিয়েশন বা আরেকটি পক্ষ সেখানে থাকবে, এসব বলা হয়নি। আমি তো ভেবেছিলাম সংবাদ সম্মেলন আমাদের ছেলেরা করবে, অনেকেই থাকবে।’
বিবৃতির ভাষায় তো বটেই, একজন সদস্যকে দিয়ে বিবৃতি পাঠ করানোতেও অবাক এই বোর্ড পরিচালক, ‘আমাদের এখানে কমিটি আছে, সেক্রেটারি থেকে শুরু করে সুজন ভাই কাউকে বলেননি। এসব ক্ষেত্রে বিবৃতি সাধারণ সম্পাদকেরই পাঠ করা উচিত।’
ক্রিকেট আঙিনার চলতি বিতর্ক নাঈমুরের মতে ‘ব্যক্তিগত দ্বন্দ্ব।’ আর সেটিতে কোয়াব ও বিসিবি সভাপতিকে টেনে আনায় বিরক্ত বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক, ‘কোয়াবকে নিয়ে কাউকে ভুল বোঝানো হচ্ছে। এটা একটা পার্সোনাল ইস্যু, বাদল ভাইয়ের সঙ্গে সুজন ভাইয়ের ব্যক্তিগত ঝামেলার সিরিজ চলছে। বেশ কয়েক বছর ধরেই এটি চলে আসছে। আমরা অনেকবার চেষ্টা করেছি দুই পক্ষকে বসিয়ে একটি সমাধান বের করতে, কাজ হয়নি। এখন তাঁদের দুজনের ব্যক্তিগত ঝামেলায় কোয়াব বা বিসিবি সভাপতিকে নিয়ে আসা অনুচিত। এটা কোনোভাবেই হতে পারে না।’
বক্তব্যের জন্য খালেদ মাহমুদকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।