বিস্মিত নন ম্যাথুস
স্লিপে দাঁড়ানো সৌম্য সরকারের হাত গলে দিনেশ চান্ডিমালের ক্যাচটা পড়ে যাওয়ার পর লঙ্কানদের মুখে হাসি ফুটেছিল এক প্রস্থ। সুযোগ পেয়ে চান্ডিমাল বেশ খানিক পথ এগিয়েও গিয়েছিলেন। সেহান জয়াসুরিয়াকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ৫৬ রান যোগ করে শ্রীলঙ্কাকে আশার পথই দেখাচ্ছিলেন। কিন্তু ১১তম ওভারেই বদলে গেল ম্যাচের চেহারা। সেই যে পথ হারাল লঙ্কানরা, আর খুঁজে পেল না দিশা।
প্রথম ১০ ওভারে মাত্র এক উইকেট হারালেও ওই সময়েও শ্রীলঙ্কাকে বেশ চাপেই রেখেছিলেন বাংলাদেশের বোলাররা। ৬.১ ওভারের পর থেকে তো আর চারই মারতে পারেননি লঙ্কান ব্যাটসম্যানরা। শ্রীলঙ্কার পুরো ইনিংসেই মাত্র ৭টি চার! রানের চাকা বাড়াতে গিয়ে একপর্যায়ে ঝুঁকি নিয়েছিলেন লঙ্কান ব্যাটসম্যানরা। সেটিরই মাশুল দিতে হলো তাঁদের। দলের পরাজয়ের ব্যাখ্যা দিতে গিয়ে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের কাছে বড় হয়ে দাঁড়াল এই বিষয়টি, ‘আমাদের ব্যাটিং অর্ডার অনেক লম্বা ছিল। তবে দীর্ঘ সময় বাউন্ডারি মারার বল আমরা পাইনি। বিপর্যয়ের এটিই মূল কারণ। তা ছাড়া আমাদের শট নির্বাচনও ঠিক ছিল না।’
ম্যাচের আগে বাংলাদেশ দলের ‘গেম প্ল্যানে’র বড় অংশজুড়ে ছিলেন লাসিথ মালিঙ্গা। ম্যাচের ঠিক আগে জানা গেল, চোটের কারণে খেলতে পারবেন না শ্রীলঙ্কার নিয়মিত অধিনায়ক। প্রতিপক্ষের জন্য সেটি ‘স্বস্তি’র বিষয় হলেও লঙ্কানদের জন্য ছিল বড় দুঃসংবাদ। তবে এখানেই শেষ নয়, কপালে চিন্তার ভাঁজ আরও বাড়ছে তাদের। মালিঙ্গা আগামী দুই ম্যাচেও যে অনিশ্চিত! ম্যাথুসই বললেন, ‘দুর্ভাগ্য, সে আজ (কাল) খেলতে পারেনি। জানি না আগামী দুই ম্যাচেও সে খেলতে পারবে কি না।’
টি-টোয়েন্টিতে এই ম্যাচের আগ পর্যন্ত দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে স্পষ্ট ব্যবধানে এগিয়ে ছিল শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে চার ম্যাচের চারটিতেই জয়। এই প্রথম ‘ছোট’ ক্রিকেটে মাশরাফি-সাকিবদের বিপক্ষে হারের স্বাদ পেল লঙ্কানরা। তবে এই পরাজয়ে মোটেও বিস্মিত নন ম্যাথুস, ‘আমরা জানি, বাংলাদেশ কেমন দল। গত দুই বছরে তাদের বড় রূপান্তর ঘটেছে। এই সময়ে তারা অনেক বড় দলকে হারিয়েছে। ফলে এই হারে বিস্ময়ের কিছু নেই।’
এই হারে সমীকরণটা বেশ কঠিনই হয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নদের। ফাইনালে উঠতে ভারত-পাকিস্তানের মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের।
৫৪.৪২
বাংলাদেশের রানের ৫৪.৪২ শতাংশই করেছেন সাব্বির। শতকরা রানের হিসাবে টি-টোয়েন্টিতে বাংলাদেশের রেকর্ড এটি। সাব্বির পেছনে ফেলেছেন জুনায়েদ সিদ্দিককে (৫০.৭১)। ২০০৭ সালে পাকিস্তানের বিপক্ষে ১৪০ রানের ৭১-ই করেছিলেন জুনায়েদ।
০–০
প্রায় ছয় বছর ও ৩৭ ম্যাচ পর টি-টোয়েন্টিতে বাংলাদেশের দুই ওপেনারই শূন্য রানে আউট হলেন। এর আগে ২০১০ বিশ্বকাপের অস্ট্রেলিয়ার বিপক্ষে শূন্যতে ফিরেছিলেন ইমরুল ও আশরাফুল।
৮২
সাব্বির-সাকিবের ৮২ রান চতুর্থ উইকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জুটি। সর্বোচ্চ জুটিটাও সাব্বির-সাকিবের। গত বছর পাকিস্তানের বিপক্ষে তাঁরা দুজন অবিচ্ছিন্ন থেকে করেছিলেন ১০৫ রান, যা টি-টোয়েন্টিতে চতুর্থ উইকেটে রেকর্ড।