বিস্মিত স্মিথের পাল্টা খোঁচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি অবাক হচ্ছি কি না? হ্যাঁ, কিছুটা।’

কিছুটা! উত্তরটা দেওয়ার সময় স্টিভ স্মিথের চোখ-মুখ দেখে তো মনে হলো, আসলে অনেকটাই অবাক তিনি।

কাল টেস্ট-পূর্ব সংবাদ সম্মেলনে প্রশ্নটা ছিল, বাংলাদেশ সিরিজটা ২-০-তে জয়ের লক্ষ্যের কথা বেশ জোর দিয়েই জানাচ্ছে—সাকিব আল হাসান দুই দিন আগে বলেছেন, কোচ চন্ডিকা হাথুরুসিংহে আগেই বলেছিলেন...স্মিথ এতে অবাক কি না?

বাংলাদেশের বিশ্বাস দেখে অস্ট্রেলিয়া অধিনায়কের অবাক হওয়াটা অস্বাভাবিক নয়। তবে অবাক স্মিথ হয়তো বদলে যাওয়া বাংলাদেশকে দেখেও। কী বাংলাদেশ কী হয়ে গেল!

১৪ বছর আগে বাংলাদেশ যখন অস্ট্রেলিয়া গিয়েছিল, সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড হুকস ‘কীভাবে মাত্র এক দিনেই টেস্টে বাংলাদেশকে হারাতে পারে অস্ট্রেলিয়া’, সেটির উপায় বাতলে দিয়েছিলেন। ২০০৬ সালে অস্ট্রেলিয়া যখন বাংলাদেশ সফরে এল, টেস্ট পাঁচ দিনে নিতে পারাও বড় ব্যাপার ছিল বাংলাদেশের জন্য।সেই বাংলাদেশ এখন সিরিজের দুই টেস্টেই দুটিই জেতার ঘোষণা দিয়ে দেয়! সিরিজের আগে ‘মাইন্ড গেম’ও খেলে!

বদলে যাওয়ার জন্য ১১ বছর অবশ্য অনেক সময়। এ সময়ে, বিশেষ করে সর্বশেষ দুই-তিন বছরে বাংলাদেশের উন্নতি চোখে পড়ার মতো। অস্ট্রেলিয়াও আর সেই অপরাজেয়, অদম্য অস্ট্রেলিয়া নেই। তার ওপর খেলাটা হচ্ছে বাংলাদেশে। উপমহাদেশে এই অস্ট্রেলিয়ার রেকর্ড মনে রাখলে ২-০-এর স্বপ্ন তো দেখতেই পারে বাংলাদেশ।

স্মিথের তা পছন্দ হওয়ার কথা নয়। অস্ট্রেলিয়ান অধিনায়ক উল্টো বাংলাদেশের টেস্ট রেকর্ড টেনে এনে একটা খোঁচাই দিলেন, ‘বাংলাদেশ সম্ভবত এখন পর্যন্ত ১০০ টেস্ট খেলে মাত্র নয়টিতে জিতেছে। সেই হিসেবে ভবিষ্যদ্বাণীটা একটু উচ্চাভিলাষীই।’ পরে অবশ্য চ্যালেঞ্জটাও মেনে নিলেন, ‘এ মুহূর্তে নিজেদের দক্ষতায় ওদের অনেক বিশ্বাস। ঘরের মাঠে খেলছে ওরা। প্রায় সব দলই ঘরের মাঠে ভালো খেলে। বাংলাদেশও ভালোই খেলছে। আমাদের জন্য তাই এটা ভালো একটা চ্যালেঞ্জ।’

এই উইকেটে বাংলাদেশের স্পিন বোলিংকেই মনে করা হচ্ছে অস্ট্রেলিয়ার বড় চ্যালেঞ্জ। তবে স্মিথ বাংলাদেশের বোলারদের নিয়ে বলতে গিয়ে হুমকি হিসেবে একজন পেসারকেও রাখছেন। নামটা আপনার অনুমান করে ফেলার কথা—মোস্তাফিজুর রহমান। সঙ্গে অবধারিতভাবেই সাকিবও আছেন। সঙ্গে ব্যাখ্যাও থাকল, ‘সাকিব যেভাবে বল করে, সেটি এই কন্ডিশনের সঙ্গে বেশ যায়। আর মোস্তাফিজের স্লোয়ার বলগুলোর দিকেও নজর রাখতে হবে আমাদের।’

স্মিথ সংবাদ সম্মেলনে আসার একটু আগেই তা সেরে গেছেন মুশফিকুর রহিম। সিরিজ নিয়ে ভবিষ্যদ্বাণী করতে গিয়ে ‘ফিফটি-ফিফটি’ বলে দুই দলকেই রেখেছেন একই সমতলে। স্মিথের কথার সুরও প্রায় একই রকম, ‘সিরিজটা অবশ্যই অনেক রোমাঞ্চকর হবে। উইকেট দেখে মনে হয়েছে, ভারতে (অস্ট্রেলিয়ার সর্বশেষ টেস্ট সিরিজ) যেমন ছিল, এখানেও তেমন উইকেটই হবে।’

সিরিজের ভাগ্যও কি একই হবে? ভারতে চার ম্যাচের সিরিজটা কিন্তু হেরে গিয়েছিল অস্ট্রেলিয়া।