বিস্ময়-বালক!
মেহেদী হাসান মিরাজ তো অবাক! ‘আমার প্রিয় একজন খেলোয়াড়ের পাশে এতক্ষণ বসে থাকলাম, অথচ তাঁকে নিয়ে আমাকে কেউ একটা প্রশ্নও করল না!’—সংবাদ সম্মেলন শেষে কৃত্রিম বিস্ময় তাঁর চোখেমুখে। যিনি গত কদিনে বোলিংয়ে শুধু বিস্ময় উপহার দিয়ে গেছেন তিনিই এবার অবাক!
মিরাজের প্রিয় ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ব্যাটিংয়ে তিনি আদ্যোপান্ত অনুসরণ করেন বাংলাদেশের টেস্ট অধিনায়ককে। অভিষেক ক্যাপটাও পেয়েছেন প্রিয় খেলোয়াড়ের কাছ থেকে। কাল অধিনায়কের সঙ্গে মিরাজ এলেন সংবাদ সম্মেলনে। কিন্তু পাশে বসা তাঁর প্রিয় খেলোয়াড়কে নিয়ে কোনো প্রশ্নই করা হলো না মিরাজকে।
অভিষিক্ত অনেক খেলোয়াড় যেখানে সংবাদ মাধ্যমের সামনে অপ্রতিভ থাকেন, মিরাজ সেখানে ভীষণ সপ্রতিভ। তাঁর ক্রিকেটীয় বিশ্লেষণ দারুণ। বোঝার উপায় নেই মাত্রই আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন ১৯ বছর বয়সী এই অফ স্পিনার। মানসিক এই পরিপক্বতার ছাপ তাঁর পারফরম্যান্সেও। বাংলাদেশের সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে অভিষেক টেস্টে ৬ উইকেটের পর ঢাকা টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের মূল নায়ক।
সিরিজের শুরু থেকেই ব্যর্থতার কানাগলিতে পথ হারিয়ে ফেলা দুই ইংলিশ ওপেনার অ্যালিস্টার কুক-বেন ডাকেট হঠাৎই কাল আলোর সন্ধান পেলেন। ২৭৩ রানের লক্ষ্যটা তাড়া করে দুজন তুলে ফেলেন ১০০ রান। বাংলাদেশের খেলোয়াড়দের তেজোদীপ্ত ভাবটা হঠাৎই যেন হারিয়ে যেতে বসল। চা-বিরতির পরই পাওয়া গেল চনমনে বাংলাদেশকে। ভেঙে গেল কুক-ডাকেটের প্রতিরোধ। আর সেটি মিরাজের হাত ধরেই।
ডাকেটকে বোল্ড করে ডান ঝাপটানো পাখির মতো উড়তে চাইলেন মিরাজ। সেই যে উড়লেন আর তাঁকে ভূপাতিত করতে পারেনি কেউ। ডাকেটকে দিয়ে শুরু করেছিলেন; স্টিভেন ফিনকে দিয়ে সমাপ্তি। মিরাজ ছাড়া এমন সুন্দর শেষ বোধ হয় আর কেউই করতে পারতেন না!
মিরাজ পরশু রেকর্ড করেছেন তিনটি, সেটি তো জানাই হয়েছে। ‘আজ (কাল) কী কী রেকর্ড হয়েছে’—নিজের কীর্তিগুলোর আপডেট জানতে চাইলেন মিরাজ। তাঁকে জানানো হলো, দেশের পক্ষে এক সিরিজে সবচেয়ে বেশি ১৯ উইকেট তুলে নেওয়ার গৌরব তাঁরই। সবচেয়ে কম বয়সে টেস্টে ১০ উইকেট নেওয়ার ছোট্ট তালিকাতেও নাম উঠেছে। এই তালিকায় তিনি আছেন পাঁচে।
আন্তর্জাতিক আঙিনায় এসেই যে জাদু দেখালেন, মুগ্ধ করলেন—রহস্যটা কী? মিরাজের সরল উত্তর, ‘আমার লক্ষ্য থাকে একটাই, ভালো জায়গায় বল করব। ভালো জায়গায় বল করলে ব্যাটসম্যানের খেলতে সমস্যা হবে।’
উত্তরটা যত সহজভাবে দিলেন, ইংলিশদের জন্য সেটি ততটাই কঠিন। বাংলাদেশের তরুণ এই স্পিনারের বলে ভীষণ ভুগেছেন ১৩৫ টেস্ট খেলা অ্যালিস্টার কুক। চার ইনিংসের তিনবারই আউট হয়েছেন মিরাজের বলে। সংবাদ সম্মেলন থেকে বেরোনোর সময় ইংলিশ অধিনায়ক প্রশংসাবৃষ্টিতে ভাসালেন ১৯ বছর বয়সী স্পিনারকে, ‘বলের ওপর তার খুব ভালো নিয়ন্ত্রণ আছে। ভালো লাইন-লেন্থে বোলিং করে। বল ভালো ঘোরাতে পারে। এই উইকেটে সে নিজেকে ভালোভাবে মানিয়ে নিয়েছে। সে উইকেটের সুবিধা ভালোভাবে কাজে লাগিয়েছে।’ মিরাজের উজ্জ্বল ভবিষ্যৎই দেখছেন কুক, ‘সে এখনো অনেক তরুণ। তার অ্যাকশনটা ভালো। টেস্ট ক্রিকেট অনেক কঠিন। যদি উইকেটে টার্ন থাকে তবে সে ভালো করবে।’
মিরাজকে নিয়ে অনেক আগে থেকেই পরিকল্পনা ছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। ইংল্যান্ড যাতে তাঁর সম্পর্কে আগ থেকেই ধারণা না পায় সে জন্য আফগানিস্তানের বিপক্ষে খেলানো হয়নি তাঁকে। তবে মুশফিক নিজেও ভাবতে পারেননি মিরাজ এতটা আলো ছড়াবেন তাঁর অভিষেক সিরিজেই, ‘সত্যি কথা ও এত ভালো করবে নিজেও ভাবিনি। সব কৃতিত্ব ওর। সে যে ধরনের খেলোয়াড়, অবশ্যই ওর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। সে ব্যাটিংয়েও যথেষ্ট ভালো। বাংলাদেশ ক্রিকেটে সামনে সে এমন অনেক রেকর্ড রেখে যাবে যেটা ভাঙা কঠিন হবে।’
মুশফিকের ভবিষ্যদ্বাণী নিশ্চয়ই সত্যি করতে চাইবেন মিরাজ। ক্যারিয়ারের সূর্যোদয়েই তাঁকে যে চেহারায় দেখা গেল, এমনই দীপ্তিময় হবে তাঁর বাকি পথটাও।
বাংলাদেশের পক্ষে টেস্টে সেরা বোলিং মিরাজের
মিরাজের সিরিজ
১২/১৫৯
৬ দুগুণে ১২। দুই ইনিংসে ১৫৯ রানে ১২ উইকেট নিয়ে টেস্টে বাংলাদেশের পক্ষে ম্যাচসেরা বোলিং
১৯
দুই ম্যাচে ১৯ উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে এক সিরিজে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডটাও মিরাজের