বিস্ময়ভরা আনন্দ

জিম্বাবুয়ে ‘এ’ দলের ইনিংস শেষ হতেই বাংলাদেশের ড্রেসিংরুমে আলোচনা। এটা কি রেকর্ড? কেউ একজন বললেন, রাজ্জাকের ৯ উইকেট আছে। পাশ থেকে আরেকজন যোগ করলেন, রাজ্জাকের দুবার ৯ উইকেট আছে। মোশাররফ রুবেলের কথাও মনে করিয়ে দিলেন একজন। আর তিনি, কালকের ৯ উইকেট-নায়ক ওসব নিয়ে না ভেবে যা পেয়েছেন তাতেই মহাখুশি। কাল সন্ধ্যার পর ফোনে এই প্রতিবেদকের ফোনে রেকর্ডের কথা জানতেই প্রায় চিৎকার করে উঠলেন সাকলাইন সজীব, ‘আমারটাই রেকর্ড! আনন্দ আরও অনেক বেড়ে গেল।’
এ ব্যাপারটির সঙ্গে অনেক দিন দেখা ছিল না সাকলাইনের, ‘আনন্দ।’ গত মৌসুমটা যে কেটেছে পায়ের চোটের সঙ্গে যুদ্ধ করে। জাতীয় লিগে খেলতে পেরেছিলেন মাত্র চার ম্যাচ। যাতে মাত্র ১১ উইকেট। বিসিএলে তো খেলতেই পারেননি। হতাশায় ভেবেছিলেন, ক্যারিয়ারটা পথ হারাল কি না! মনে মনে ঠিক করেছিলেন, আসছে ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে আবার ফিরতে চেষ্টা করবেন পুরোনো চেহারায়। এর মধ্যেই এক দিন পত্রিকায় দেখলেন, ডাক পেয়ে গেছেন বাংলাদেশ ‘এ’ দলে!
বিশ্বাস হচ্ছিল না তাঁর নিজেরই। বারবার দেখে, অনেকের কাছ থেকে শুনে নিশ্চিত হলেন। আর একটি প্রতিজ্ঞাও করলেন সঙ্গে সঙ্গে, ‘নিজেকে বলেছি, ডাক যখন পেয়েই গেছি, পারফর্ম করতেই হবে। যে করেই হোক, ভালো করতে হবে।’ প্রতিজ্ঞা পূরণে সময় নিলেন না একটুও। প্রথম সুযোগেই যা করলেন, সেটি ছাড়িয়ে গেছে নিজের প্রত্যাশাকেও, ‘রেকর্ড-টেকর্ড ভাবার তো প্রশ্নই আসে না। ভালো করতে চেয়েছি। একের পর এক উইকেট যখন পাচ্ছিলাম, খুব ভালো লাগছিল, শান্তি লাগছিল।’
তাঁর বোলিংয়ে বিভ্রান্ত হয়েছে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা, তবে কথায় সারল্য। ‘একটুর জন্য ১০ উইকেট হলো না’ শুনেই হাসতে হাসতে বললেন, ‘কী করতে পারি, ফরহাদের কাছ থেকেই ওই উইকেট তো আর কেড়ে নিতে পারি না!’
এমনিতে ঘরোয়া ক্রিকেটে বরাবরই ধারাবাহিক পারফরমার। ৫০ উইকেট পেয়েছেন দুই মৌসুমে, আরও দুই মৌসুমে ৪১ ও ৩১ উইকেট। ৫৩তম প্রথম শ্রেণির ম্যাচে উইকেট এখন ২৩৮। এত উইকেট পাওয়ার পরও টেস্ট না খেলা বাংলাদেশের বিবেচনায় যথেষ্টই বিস্ময়কর। টেস্ট দলের দরজায় কড়াও নেড়েছেন অনেকবার। এর মধ্যেই সোহাগ গাজী, ইলিয়াস সানি, এমনকি তাইজুল ইসলামরাও টেস্ট ক্যাপ পেয়ে গেলেন। আক্ষেপ নিশ্চয়ই আছে, তবে বাস্তবতাটাও মেনে নিয়েছেন, ‘ওয়াসিম-ওয়াকার ছিল বলে আকিব জাভেদের মতো বোলার বেশি ম্যাচ খেলতে পারেননি। আমি যখন জাতীয় লিগে পারফর্ম করেছি, তখন সাকিব-রাজ্জাক ভাইরা খেলছেন। তাইজুলও পারফর্ম করেই ঢুকেছে। পারফর্ম করে গেলে আমারও সুযোগ আসবে।’
প্রধান নির্বাচক ফারুক আহমেদ মাঠেই ছিলেন, আরেক নির্বাচক মিনহাজুল আবেদীনও। ফারুকের নজর ভালোই কাড়তে পেরেছেন সাকলাইন, ‘ও তো অনেক দিন ধরেই আমাদের বিবেচনায় আছে। মাঝে চোট পেয়ে একটু হারিয়ে গিয়েছিল। আজকে অনেক ভালো করেছে। অনেক কিছু করে ফেলেছে বলছি না, তবে ভালো করে গেলে অবশ্যই প্রতিদান পাবে।’
আগামী মাসেই আসছে জিম্বাবুয়ে মূল দল। তাদেরই ‘এ’ দলের বিপক্ষে ভালো করতে থাকলে সাকলাইনের সুযোগ এল বলে!
প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশি বোলারদের সেরা বোলিং
বোলার ম্যাচ ভেন্যু মৌসুম
৯/৮২ সাকলাইন সজীব বাংলাদেশ ‘এ’-জিম্বাবুয়ে ‘এ’ কক্সবাজার ২০১৪-১৫
৯/৮৪ আবদুর রাজ্জাক খুলনা-চট্টগ্রাম বগুড়া ২০১২-১৩
৯/৯১ আবদুর রাজ্জাক খুলনা-ঢাকা মহানগর কক্সবাজার ২০১৩-১৪
৯/১০৫ মোশাররফ হোসেন বরিশাল-চট্টগ্রাম বরিশাল ২০০৪-০৫