>

একজন ব্যাট হাতে উপহার দিয়েছেন দ্যুতিময় সব ইনিংস। আরেকজন বল হাতে জন্ম দিয়েছেন স্মরণীয় সব মুহূর্ত। ওয়ানডেতে সাফল্যে মোড়া একটা বছর গেল মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমানের, সুবাদে বাংলাদেশ দলেরও। এ বছর ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন মুশফিক, সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন মুস্তাফিজ—
আগের দিনও নিশ্চিত ছিলেন না ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচটি খেলা হবে কি না। সংশয়টা জেগেছিল মূলত দলে চার পেসার থাকায়। সংশয়ের মেঘ কেটে গেল ১৮ জুন সকালেই। বাংলাদেশের ১১৮তম ক্রিকেটার হিসেবে মুস্তাফিজুর রহমানের হয়ে গেল ওয়ানডে অভিষেক। অভিষেক ক্যাপটা পরিয়ে দিয়েছিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাই। অধিনায়কের আস্থার প্রতিদান দিয়ে চলেছেন নিয়মিতই, দলকে এনে দিচ্ছেন হিরণ্ময় সব মুহূর্ত।
অভিষেকেই ৫০ রানে পেয়েছিলেন ৫ উইকেট। বাংলাদেশের হয়ে অভিষেকে যেটি দ্বিতীয় সেরা বোলিং। পরের ম্যাচে ৪৩ রানে ৬ উইকেট, গর্বোদ্ধত আরেকটি অর্জন। জিম্বাবুয়ের ব্রায়ান ভিটরিকে ছাপিয়ে ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচে সবচেয়ে বেশি উইকেট তাঁর! ভারতের বিপক্ষে রঙিন এক সিরিজের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও দুর্দান্ত বোলিং। ৫ উইকেট নিয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে তিনিই সেরা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে আবারও সেই মুস্তাফিজ। ৩ ম্যাচে ৮ উইকেট। একেকটি সিরিজ গেছে, মুস্তাফিজ উড়িয়েছেন একেকটি রঙিন পতাকা।
৯ ম্যাচে তাঁর ২৬ উইকেট। ওয়ানডেতে এ বছর অন্তত ১০ উইকেট নিয়েছেন এমন বোলারদের বোলিং গড়ে মুস্তাফিজ সবার ওপরে। পেয়েছেন সর্বোচ্চ তিনবার ৫ উইকেট। ক্যারিয়ারে প্রথম বছরে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ৩২ উইকেট পাওয়া শফিউল ইসলামকে অবশ্য ছাড়াতে পারেননি। তবে শফিউল খেলেছিলেন ২৩ ম্যাচ, মুস্তাফিজ সেখানে মাত্র ৯!
বিষ মেশানো কাটার, দুর্বোধ্য স্লোয়ার, কখনো বা দারুণ লেংথের বোলিংয়ে নিয়মিতই নাকাল করেছেন প্রতিপক্ষের ব্যাটসম্যানকে। তাঁর প্রতি এতটাই আস্থা, মুস্তাফিজ বোলিংয়ে এলেই বাতাসে ভাসে—‘এবার কিছু একটা হবে’! দলের ধারাবাহিক সাফল্যে মুস্তাফিজকে রীতিমতো নায়কের আসনেই বসালেন সতীর্থ তামিম ইকবাল, ‘ও যখন বোলিংয়ে আসে আমাদের মনে হয়, কিছু একটা হবে। এমন একজন বোলারের অভাব ছিল আমাদের। আমাদের শেষ কয়েকটা সিরিজে যে সাফল্য-রেকর্ড হয়েছে, তাতে মূল নায়কের ভূমিকাই পালন করেছে সে।’
মজার ব্যাপার, তামিমের নাকি নিজেরও ধারণা নেই মুস্তাফিজের বোলিং নিয়ে! হবে কী করে, এখনো যে প্রতিপক্ষের ব্যাটসম্যান হিসেবে মুস্তাফিজকে খেলাই হয়নি তামিমের। এ নিয়ে বাঁহাতি ওপেনারের কণ্ঠে হালকা রসিকতা, ‘ও চালাক! বিপিএল আছে বলে নেটে আমাকে স্লোয়ার করে না! ওর বল খেলা কঠিন তো অবশ্যই। এর আগে ওকে কোথাও খেলিনি। নেটে দুই-তিনবার ব্যাটিং করেছি। যারা প্রথম খেলে তাদের জন্য ওকে খেলা কঠিনই নয়, অসম্ভব!’
এমন অস্ত্র থাকলে যেকোনো অধিনায়কের মুখেই ফোটে চওড়া হাসি। স্বাভাবিক কারণেই তৃপ্তির আঁকিবুঁকি দেখা যাচ্ছে মাশরাফি বিন মুর্তজার মুখেও। তবে অধিনায়কের প্রত্যাশা, আরও বড় কোনো কীর্তি গড়বে মুস্তাফিজ, ‘সর্বশেষ তিনটি সিরিজে যেভাবে বোলিং করেছে, তার বিরাট অবদান আছে আমাদের সাফল্যে। বিশ্বাস করি, সামনে অনেক বড় বোলারের রেকর্ড সে ভাঙবে।’
এ বছর বাংলাদেশ ক্রিকেট পেয়েছে বেশ কিছু মণিমাণিক্যের দেখা। এর মধ্যে সবচেয়ে মূল্যবান বোধ হয় মুস্তাফিজই।
২০১৫ সালে মুস্তাফিজ
ম্যাচ ৯
ওভার ৭৫.২
রান ৩২১
উইকেট ২৬
সেরা ৬/৪৩
গড় ১২.৩৪