বিয়ের দুই বছর পর আনুষ্ঠানিকতা সারলেন আমির

বিয়ে হয়ে গিয়েছিল বছর দুয়েক আগেই। তখন অবশ্য একেবারেই ঘরোয়া পরিবেশে শুধু ‘আক্দ’ করেছিলেন মোহাম্মদ আমির। এবার পুরো আনুষ্ঠানিকতাটা সেরে নিলেন পাকিস্তানি এই পেসার। পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ আইনজীবী নারজিসের সঙ্গে লাহোরে কাল বিবাহোত্তর সংবর্ধনাও হয়ে গেল তাঁর।
বছর ছয়ের আগে লন্ডনে একটা পারিবারিক অনুষ্ঠানে আমিরের সঙ্গে দেখা হয়েছিল নারজিসের। তারপর প্রেম। দুই পরিবারের সম্মতিতে ২০১৪ সালে দুজন বিয়ে করার সিদ্ধান্ত নেন। আমি তখনো স্পট ফিক্সিংয়ের সাজা হিসেবে ক্রিকেট থেকে নির্বাসিত। ওই কঠিন সময়ে বন্ধু হিসেবে পাশে থাকার জন্য বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানেও আমিরের কৃতজ্ঞতা নারজিসের প্রতি, ‘এটা প্রেমের বিয়ে। আমাদের দুই পরিবারই আত্মীয়তা করতে পেরে আনন্দিত। নারজিস খুব কঠিন সময়ে আমার পাশে ছিল। ওর মতো স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার।’
অবশ্য এমন স্ত্রীর সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতার পর খুব বেশি সময় কাটাতে পারবেন না আমির। কালই তাঁর উড়াল দেওয়ার কথা সংযুক্ত আরব আমিরাতে। পাকিস্তান দল সেখানে আগেই চলে গেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলতে। দুই দলের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম শুরু হচ্ছে শুক্রবার থেকেই। এরপর তিনটি ওয়ানডে ও তিনটি টেস্টও আছে। মিড ডে।