বি-ম্যাকের কাছে ক্রোর চাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু ঝলমলে এক রাত গেছে নিউজিল্যান্ড ক্রিকেটে। অকল্যান্ডের ল্যাংহাম হোটেলে বার্ষিক পুরস্কার রজনীতে তারার হাট বসেছিল। সেই অনুষ্ঠানেই সাবেক অধিনায়ক মার্টিন ক্রো (বাঁয়ে) ও বর্তমান অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম এলেন স্ত্রীকে নিয়ে l নিউজিল্যান্ড হেরাল্ড
পরশু ঝলমলে এক রাত গেছে নিউজিল্যান্ড ক্রিকেটে। অকল্যান্ডের ল্যাংহাম হোটেলে বার্ষিক পুরস্কার রজনীতে তারার হাট বসেছিল। সেই অনুষ্ঠানেই সাবেক অধিনায়ক মার্টিন ক্রো (বাঁয়ে) ও বর্তমান অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম এলেন স্ত্রীকে নিয়ে l নিউজিল্যান্ড হেরাল্ড

ক্রিকেটের প্রেমে পড়েছিলেন সত্তর দশকের ওয়েস্ট ইন্ডিজকে দেখে। এই নিউজিল্যান্ড দলে সেই ওয়েস্ট ইন্ডিজের ছায়া দেখে মুগ্ধ মার্টিন ক্রো। ক্যানসার তাঁকে এনে দাঁড় করিয়েছে জীবনের কিনারায়, বিশ্বকাপ ফাইনালকে বলেছিলেন মাঠে গিয়ে দেখা সম্ভবত শেষ ম্যাচ। যদিও বিশ্বজয়ের স্বপ্ন পূরণ করতে পারেননি উত্তরসূরিরা। তবে ট্রফি না পেলেও দলের খেলায় মন ভরে গেছে ক্রোর। নিউজিল্যান্ড ক্রিকেটের পুনর্জাগরণে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নও দেখছেন সাবেক অধিনায়ক।
সদ্য সমাপ্ত বিশ্বকাপ চলাকালে ক্রোকে হল অব ফেমে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। পরশু নিউজিল্যান্ড ক্রিকেটের অ্যাওয়ার্ড নাইটে এটির জন্য বিশেষ সম্মাননা জানানো হয় দেশটির সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যানকে। ওই অনুষ্ঠানেই ক্রো বলেছেন উত্তরসূরিদের খেলার ধরনে মুগ্ধতার কথা, ‘ওয়েস্ট ইন্ডিজের খেলা দেখেই আমি ক্রিকেটকে ভালোবেসেছি। ওই দলটিকে আমি হৃদয়ে লালন করতাম। ওরা খেলত দারুণ চেতনায়। কিন্তু বল হাতে ঠিকই ছিল নিষ্ঠুর, ওদের কৌশল ছিল অপরাজেয়। পরে যখন ক্রিকেট খেলেছি, ওদের বিপক্ষে খেলাটাও ছিল বড় সম্মানের। আমরা জানতাম, ওদের বিপক্ষে খুব বেশি সাফল্য আমরা পাব না, কিন্তু পেলে সেটি হবে স্পেশাল। নিউজিল্যান্ড এবার ট্রফি জেতেনি। কিন্তু আমরা জিতেছি আরও বড় কিছু, জিতেছি চেতনা। জিতেছি খেলার ধরনে, আমরা জিতেছি ভালোবাসা।’
নিউজিল্যান্ডের আক্রমণাত্মক ক্রিকেট এবারের বিশ্বকাপের সবচেয়ে আলোচিত দিকগুলোর একটি। এটির মূল নায়ক দলের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম, বি-ম্যাক। গুঞ্জন আছে, টেস্ট ক্যারিয়ার আরও দীর্ঘ করতে ওয়ানডে ছেড়ে দিতে পারেন ম্যাককালাম। এটি শুনে আঁতকে উঠেছেন স্টিভেন ফ্লেমিং। নিজের সময়ে ফ্লেমিংকেও অনেকে মনে করতেন বিশ্বের সেরা অধিনায়ক। সাবেক এই বাঁহাতি ব্যাটসম্যানের মতে দলের স্বার্থেই আরও বছর খানেক থাকা উচিত ম্যাককালামের, ‘আশা করি, ব্রেন্ডন আরও অন্তত কিছুদিন তিন সংস্করণেই দায়িত্ব চালিয়ে যাবে। নিউজিল্যান্ডকে তলানি থেকে তুলে এনেছে ও। খুবই ইতিবাচক অধিনায়ক। যদিও কেন উইলিয়ামসনকে আমরা গড়ে তুলেছি নেতৃত্বের জন্য। কিন্তু নিউজিল্যান্ডের জন্য আদর্শ হবে যদি অন্তত আগামী বছর ওয়ার্ল্ড টি-টোয়েন্টি পর্যন্ত ম্যাককালাম থেকে যায়।’ রয়টার্স, উইজডেন ইন্ডিয়া।