
স্যালুট আর বুক ডন দেওয়াটা বোধ হয় পাকিস্তানের উদ্যাপনের ট্রেডমার্ক হয়ে গেল!
শুরুটা করেছিলেন মিসবাহ-উল-হক। ইংল্যান্ডে নিজের প্রথম টেস্টেই সেঞ্চুরি করার পর প্রথমে দিয়েছিলেন স্যালুট, পরে বুক ডন। পরে পাকিস্তান অধিনায়ক জানিয়েছিলেন রহস্যটা। অ্যাবোটাবাদের সেনাদের নাকি অমনই কথা দিয়ে এসেছিলেন।
কাল লর্ডসের পড়ন্ত বিকেল সেই উদ্যাপনেরই গণরূপ দেখল। লর্ডসে প্রথম টেস্ট জেতার পর পুরো পাকিস্তান দল দুই সারিতে দাঁড়িয়ে বুক ডন দিল। উঠে দাঁড়িয়ে স্যালুট।
তা এমন বাঁধনহারা উদ্যাপনেরই উপলক্ষ এই জয়। লর্ডসে ২০ বছর পর টেস্ট জিতল পাকিস্তান। এটাকে অবশ্য বেশি গুরুত্ব দেওয়া ঠিক নয়। ১৯৯৬ সালে সর্বশেষ জয়ের পর পাকিস্তান লর্ডসে টেস্টই তো খেলেছে দুটি। একটিতে হেরেছে, ড্র করেছে অন্যটি। এই জয় মহিমান্বিত অন্য কারণে। দেশের মাটিতে খেলা নেই অনেক বছর। তার ওপর এই টেস্টের আগে মোহাম্মদ আমিরকে নিয়ে মহা বিতর্ক। এ সবকিছু জয় করে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হারানোর স্বাদ তো অমৃতই মনে হবে পাকিস্তানের কাছে।
পরিহাসই বলতে হবে, ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের শেষ উইকেটটি নিয়ে জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন ‘অভিশপ্ত’ সেই মোহাম্মদ আমিরই! ততক্ষণে পাকিস্তানের জয় আসলেই আনুষ্ঠানিকতায় পরিণত। ২৮৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিং করতে নামা ইংল্যান্ডকে ৩ উইকেটে ৪৭ বানিয়ে ফেলেছিলেন এক বাঁহাতি পেসার। না, আমির নন, ওয়াহাব রিয়াজও না। পাকিস্তানের বোলিং লাইনআপের সবচেয়ে অনুজ্জ্বল নাম রাহাত আলী।
রাহাত আলী যদি টপ অর্ডার গুঁড়িয়ে দেওয়ার কাজটা করে থাকেন, মিডল অর্ডারের দায়িত্ব নিলেন ইয়াসির শাহ। তাঁর লেগ স্পিনের বিষেই নীল ব্যালান্স-মঈন আলী-বেয়ারস্টো। এর মধ্যে বেয়ারস্টোর উইকেটটাই ম্যাচ থেকে মুছে নিল অনিশ্চয়তার রংটুকু। ১৩৯ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর ক্রিস ওকসকে নিয়ে বেয়ারস্টোই গড়ে তুলেছিলেন যা একটু প্রতিরোধ।
প্রকৃতির বৈরিতা ছাড়া এই টেস্ট ড্র হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। বেয়ারস্টোর জন্য তাই এটি ছিল অসম্ভব এক সংগ্রাম। তবে ওকসের সঙ্গে তাঁর ৫৬ রানের সপ্তম উইকেট জুটি অসম্ভবকে সম্ভব করার ক্ষীণ একটা সম্ভাবনা কিন্তু ঠিকই জাগাচ্ছিল। বেয়ারস্টোকে বোল্ড করে সেটি মুছে দিলেন ইয়াসির। নামলেন স্টুয়ার্ট ব্রড। ছয় বছর আগে আমিরে কলঙ্কিত সেই লর্ডস টেস্টে যিনি খেলেছিলেন ১৬৯ রানের দুর্দান্ত এক ইনিংস। ইয়াসির শাহর ওভারের শেষ বলটিতে সিঙ্গেল নিয়ে সেই আমিরেরই মুখোমুখি ব্রড এবং প্রথম বলেই বোল্ড!
জ্যাক বলকেও বোল্ড করে আমির ম্যাচ শেষ করে দেওয়ার আগে ওকসের উইকেটটিও নিয়েছেন ইয়াসির শাহ। প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন, এবার নিলেন ৪টি। ক্যারিয়ারে এই প্রথম ম্যাচে ১০ উইকেট ইয়াসিরের। লর্ডসে কোনো লেগ স্পিনারের ১০ উইকেট নেওয়ার কীর্তিও এই প্রথম।
বুক ডনটা না হয় বাহুল্য, তবে ইয়াসির শাহর এই পারফরম্যান্স তো স্যালুট দেওয়ার মতোই!