বুকের ভেতর জয়ের স্বপ্ন

হোটেল সোনারগাঁওয়ের লবিতে প্রত্যাশিত নীরবতাই খুঁজে পাওয়া গেল। নীরবতা মানে একেবারেই সুনসান নয়। পাঁচ তারকা হোটেল, সারাক্ষণই গোটা পরিবেশে মৃদু সুরের মূর্ছনা ছড়িয়ে থাকে। তবে দু-দুটো আন্তর্জাতিক ক্রিকেট দল থাকলে এ ধরনের হোটেলের লবিতে যেমন বাড়তি ব্যস্ততা দেখা যায়, সেটা নেই। বিসিবির ইনফরমেশন ডেস্কটাও খালি পড়ে আছে।
এই নীরবতাকে প্রত্যাশিত ধরে নেওয়া হচ্ছে, কারণ পাকিস্তান দল তখনো মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে অনুশীলন করে ফেরেনি। আর বাংলাদেশ দলের অনুশীলন না থাকলেও ছুটির দিনটা বেশির ভাগ ক্রিকেটার কাটিয়েছেন পরিবারের সঙ্গে। ঢাকায় যেসব ক্রিকেটারের বাসা আছে, পরশু খুলনা থেকে ফিরে হোটেলে যাননি তাঁদের কেউই। বাকি ৭-৮ জন হোটেলে গেছেন। তাঁদের মধ্যে ইমরুল কায়েস, শুভাগত হোম চৌধুরী আর লিটন দাসকে খুঁজে পাওয়া গেল সোনারগাঁওয়ের সুইমিংপুলে। সঙ্গে পেস বোলিং কোচ হিথ স্ট্রিককেও।
খুলনায় ড্র পাওয়ার পর ঢাকা টেস্টকে ঘিরে অধিনায়ক মুশফিকুর রহিম ছড়িয়ে দিয়েছেন জয়ের স্বপ্ন। নির্ভার ছুটির দিনেও অধিনায়কের কথাগুলো যেন পাঁচ তারকা হোটেলের আবহসংগীতের মতোই বাজছে সব ক্রিকেটারের কানে। সুইমিংপুলের ইমরুল-শুভাগত-লিটন, কিংবা বাসায় পরিবারের সঙ্গে সময় কাটানো কোনো ক্রিকেটার—সবার মনের কোণেই উঁকি দিয়ে যাচ্ছে ঐতিহাসিক এক সিরিজ জয়ের স্বপ্ন। তবে সেই স্বপ্নের কথা তাঁরা প্রকাশ্যে মুখে আনতে পারলেন না হঠাৎ করেই বিসিবির বিধিনিষেধ কড়াকড়ি হয়ে ওঠায়।
দলের অবস্থা ভালো থাকলে ক্রিকেটাররা ভালো ভালো কথা বলেন। এই সময়ে সংবাদমাধ্যমের সঙ্গে তাঁদের কথা বলার বিধিনিষেধও অলিখিতভাবে আলগা হয়ে যায়। পাকিস্তান সিরিজজুড়েই বাংলাদেশ দলের কোচ, ক্রিকেটারসহ প্রায় সবার সংবাদমাধ্যমের হাতের কাছে থাকাটা সেটারই প্রমাণ। কিন্তু কাল শেষ টেস্ট নিয়ে যাঁকেই জিজ্ঞেস করা হলো, অপর প্রান্ত থেকে সতর্ক কণ্ঠস্বর, ‘ভাই...কথা বলা যাবে না। কড়া নিষেধাজ্ঞা আছে।’
ক্রিকেটে শৃঙ্খলা মানাটাও ‘পার্ট অব গেম’। কথা বলার জন্য তাই কাউকেই জোরাজুরি করা গেল না। তবে বাংলাদেশের ক্রিকেটের এই বাসন্তী সময়ে কতক্ষণই বা চুপ থাকা যায়! খুলনা টেস্টে দাপুটে ড্রয়ের তাজা স্মৃতি চোখে ভাসাচ্ছে আরও বড় কিছুর স্বপ্ন। সেই স্বপ্নের কথা জানাতে কার না ভালো লাগে? পত্রিকায় নাম না ছাপা হোক, ঢাকা টেস্ট নিয়ে মনের কথাটি তাই বলেই দিলেন বাংলাদেশ দলের কয়েকজন। একজন যেমন মুঠোফোনে ‘ভাই কথা বলতে হলে মিডিয়া ম্যানেজারের পারমিশন লাগবে’ বলে শুরু করে একটু পর মনের অজান্তে বলে ফেললেন, ‘চিন্তা আর কী, খুলনায় ড্র করার পর এখন এই টেস্টে আরও ভালো কিছু করারই আশা করছি আমরা। পুরো সিরিজে ভালো খেলেছি আমরা। শেষটা কি আর খারাপ চাইব?’
মুঠোফোনেই পাওয়া গেল আরেক সিনিয়র ব্যাটসম্যানকেও। ‘ঢাকা টেস্টে কী আশা করছেন’—প্রশ্ন করতেই পাল্টা প্রশ্ন, ‘আপনি কি আমাকে ফাইন খাওয়াতে চান?’ এ প্রসঙ্গ-সে প্রসঙ্গের পর শেষ পর্যন্ত তাঁর মুখেও সোনালি স্বপ্নের কথা, ‘খুলনায় আমরা প্রমাণ করেছি আমাদের এখন টেস্টেও লড়াই করার সামর্থ্য আছে। ঢাকা টেস্টে সেটা আরও ভালোভাবে দেখাতে চাই।’
কেউ মুখে বলছেন। কেউ মনের ভেতর স্বপ্ন পুষে রাখছেন। তবে উদ্দেশ্য একটাই, খুলনার ড্র থেকে পাওয়া আত্মবিশ্বাসকে এবার অনুবাদ করতে হবে জয়ে। ‘বাংলাওয়াশ’ থেকে শুরু সাফল্যের মিছিলটার মধুরেণ সমাপয়েতের জন্য এর চেয়ে ভালো আর কীই-বা আছে?