বুড়োদের নিয়ে লারার প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের কথাটাকেই এবার একটু উচ্চকণ্ঠে বললেন ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটিং কিংবদন্তি ব্রায়ান লারা। সিনিয়র খেলোয়াড়দের বিদায় করে তরুণদের নিয়ে নতুন করে শুরু করতে হবে, তাহলেই যদি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সুদিন ফেরে আবার!
একসময় দোর্দণ্ড প্রতাপে যারা বিশ্ব ক্রিকেটকে শাসন করেছে, সেই দলটাই অনেক দিন ধরে নিজেদের হারিয়ে খুঁজছে। সর্বশেষ তিন বছরে ওয়েস্ট ইন্ডিজ ২৩টি টেস্ট খেলেছে। এর মধ্যে ৬টি জয়ের পাশে ১৩টি হার। টেস্ট র্যা ঙ্কিংয়েও এ মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের নিচে শুধু বাংলাদেশ আর জিম্বাবুয়ে। ওয়েস্ট ইন্ডিজের দুর্দশা চলছে চলমান হোবার্ট টেস্টেও। টসে জিতে ব্যাট করতে নেমে গতকাল প্রথম দিনেই অস্ট্রেলিয়া তুলেছে ৩ উইকেটে ৪৩৮! সব মিলিয়ে দলটির পারফরম্যান্স নিয়ে খুবই বিরক্ত সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান লারা। সংস্কারের জন্য বুড়ো খেলোয়াড়দের দল থেকে বাদ দেওয়ার পক্ষপাতী সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক, ‘আমি এই দলের সব খেলোয়াড়ের বয়স দেখেছি। ২৫-এর নিচে যারা আছে, তাদের মধ্যে এখনো কিছুটা ক্রিকেট বাকি আছে। আপনি ওদের মানসিকতায় পরিবর্তন আনতে পারবেন। কিন্তু ২৫ ও এর বেশি বয়সীরা দল থেকে বিদায়ের পথেই আছে। ওদের চিন্তাভাবনার ধরন বদলানো খুবই কঠিন।’
কয়েক দিন আগে সাবেক অস্ট্রেলিয়ান উইকেটকিপার হাডিন বলেছিলেন, ডোয়াইন ব্রাভো বা মারলন স্যামুয়েলসদের মতো ক্রিকেটারদের আন্তরিকতা নিয়ে ওয়েস্ট ইন্ডিজ দলের দায়িত্বে এগিয়ে আসা উচিত। কিন্তু লারা ওয়েস্ট ইন্ডিজের প্রতি ওঁদের আন্তরিকতা নিয়েই প্রশ্ন তুলেছেন, ‘ওরা তো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে চেনেই না। এর ইতিহাসও জানে না। কীভাবে ওরা আন্তরিক হবে? ওরা শুধু জানতে চায়, কোত্থেকে ওদের টাকা আসবে—যেটি যৌক্তিকও। কিন্তু এর সঙ্গে তো বছরের পর বছর ধরে যে আবেগ তৈরি হয়, সেটিও থাকতে হবে খেলায়।’ এএফপি।