বুদ্ধিপ্রতিবন্ধীদের ক্রিকেট উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর আগে ঢাকায় হয়েছিল প্রথম দক্ষিণ এশিয়ান বুদ্ধিপ্রতিবন্ধী ইউনিফায়েড ক্রিকেট টুর্নামেন্ট। আজ শুরু হচ্ছে ২০ ওভারের এই টুর্নামেন্টের দ্বিতীয় আসর, এবং এবারও স্বাগতিক বাংলাদেশ। আজ ফতুল্লায় উদ্বোধন। আগামীকাল থেকে বিকেএসপিতে মাঠের লড়াই। ফাইনাল ৬ নভেম্বর। টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ ‘এ’ ও ‘বি’ দল। ভারতেরও দুটি দল। পাকিস্তান ও শ্রীলঙ্কার একটি।
বুদ্ধিপ্রতিবন্ধী (ইনটেলেকচুয়াল ডিসঅ্যাবিলিটি) ছয়জন ও সুস্থ পাঁচজন নিয়ে গড়া হয় একটি ইউনিফায়েড দল। সাধারণ ক্রিকেটের তুলনায় একটু ব্যতিক্রমই প্রতিবন্ধীদের ক্রিকেট। শুধু উইকেটরক্ষক ছাড়া বাকি সবাই দুই ওভার করে বল ও ব্যাট করতে পারবেন। ওই দুই ওভারের মধ্যে ব্যাটসম্যান আউট হলেও তাঁকে মাঠের বাইরে যেতে হবে না। শুধু তাঁর নামের পাশে দুই পয়েন্ট কাটা যাবে। বোলারদের বেলায়ও একই নিয়ম। ওয়াইড বা নো বল দিলে দুটি করে পয়েন্ট কাটা যাবে ওই বোলারের। এভাবে পুরো ম্যাচ শেষে যে দলের পয়েন্ট বেশি থাকবে, তারাই হবে জয়ী।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) মিলনায়তনে কাল সংবাদ সম্মেলনের আয়োজন করে টুর্নামেন্টের বিস্তারিত জানিয়েছে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ। উপস্থিত ছিলেন স্পেশাল অলিম্পিকসের কর্মকর্তা শামীম মতিন চৌধুরী, আসাফ উদ দৌলা, ফারুকুল ইসলাম, কামরুন নাহারা ডানাসহ অন্যরা।