‘বুমরা তোমার চেয়ে ভালো’ খোঁচায় স্টেইনের দারুণ জবাব

স্টেইনের সঙ্গে বুমরার তুলনা হচ্ছে!ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে কাজ করছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার ডেল স্টেইন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতি আছে এখনো।

ইনস্টাগ্রামে নিয়মিত নিজের জীবনযাপনের হালনাগাদ দিচ্ছেন ছবিতে, আর টুইটার মাতিয়ে রাখেন হাস্যরসাত্মক সব মন্তব্যে। আইপিএল উপলক্ষে এ মুহূর্তে মুম্বাইয়ে থাকা স্টেইনের কৌতুকবোধের পরিচয় আরেকবার পাওয়া গেল টুইটারে। ভারতীয় এক ক্রিকেট সমর্থক ভারতেরই পেসার যশপ্রীত বুমরার সঙ্গে স্টেইনের তুলনা টেনে বলেন, বুমরা স্টেইনের চেয়ে ভালো। সেটির জবাব স্টেইন দিয়েছেন পাল্টা খোঁচায়।

সুদানে গিয়ে মাছ ধরেছেন স্টেইন
ছবি: টুইটার

টুইটারে স্টেইনের পোস্টটা সাধারণই ছিল। কিছুদিন আগে সুদান ভ্রমণে গিয়েছিলেন। সাগরে মাছও ধরেছেন। নৌকায় তাঁর হাতে ব্লু স্পটেড কোরাল ট্রাউট মাছ, এমন একটি ছবি দিয়ে টুইটে স্টেইন আহ্বান জানিয়েছেন—এই মাছ ধরার আরও ছবি দেখতে তাঁর ইনস্টাগ্রামে ঢুঁ মারার জন্য। নিরীহ একটা পোস্ট, সেখানেই কিনা খোঁচা মারার ইচ্ছা হলো সায়ান নামে ভারতীয় ক্রিকেটপ্রেমীর।

বলা নেই, কওয়া নেই, ভারতেরই পেসার বুমরাকে টেনে এনে স্টেইনের পোস্টের নিচে সায়ানের মন্তব্য, ‘বুমরা তোমার চেয়ে ভালো!’ সাধারণত তারকাদের পোস্টে হাজারো মানুষের লাখো মন্তব্যের ভিড়ে এমন মন্তব্য তারকাদের চোখে পড়ে না, পড়লেও বিতর্ক এড়াতে তারকারা সেসব এড়িয়ে যান। কিন্তু স্টেইন তা করেননি। ৩৮ বছর বয়সী দক্ষিণ আফ্রিকানের পাল্টা জবাব, ‘আমিও নিশ্চিত ও আমার চেয়ে ভালো। আমি যে অবসর নিয়ে নিয়েছি!’

স্টেইনের অবসরের অবশ্য এখনো খুব বেশি দিন হয়নি। গত বছরের আগস্টে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়া স্টেইন এখনো বল হাতে নামলে সম্ভবত একেবারে খারাপ করবেন না। তাঁর ক্যারিয়ারের গল্পই তা বলে। ৯৩ টেস্টে ২২.৯৫ গড়ে ৪৩৯ উইকেট। ১২৫ ওয়ানডেতে ২৫.৯৫ গড়ে ১৯৬ উইকেট। একেবারে চোখধাঁধানো না হলেও দারুণ রেকর্ড বটে।

তাঁর ফাস্ট বোলিং চোখ ধাঁধিয়েছে, তাঁর আউটসুইং ব্যাটসম্যানদের ভুগিয়েছে। চোট তাঁর ক্যারিয়ারের শেষ দিকে এভাবে হানা না দিলে স্টেইনের উইকেট আর গড়ের রেকর্ডও কোথায় গিয়ে ঠেকত, কে জানে! জিমি অ্যান্ডারসন, গ্লেন ম্যাকগ্রা, স্টুয়ার্ট ব্রড ও কোর্টনি ওয়ালশের পাশে ‘৫০০ উইকেট ক্লাবের ফাস্ট বোলারদের’ ছোট্ট তালিকায় দক্ষিণ আফ্রিকান সাবেক পেসারের নামও থাকত নিশ্চিত। অন্য চারজনের মধ্যে টেস্টে উইকেটপ্রতি গড় রান খরচের হিসাবে (গড়) শুধু ম্যাকগ্রাই (২১.৬৪) ছিলেন স্টেইনের চেয়ে এগিয়ে।

তা যাঁর সঙ্গে স্টেইনের তুলনা হচ্ছে, সে যশপ্রীত বুমরাও যে একেবারে খারাপ করছেন, তা নয়। ২৮ বছর বয়সী ভারতীয় পেসার এখন পর্যন্ত মাত্র ২৯টি টেস্টই খেলেছেন, তাতে ২১.৭৩ গড়ে ১২৩ উইকেট তাঁর। ওয়ানডেতে ৭০ ম্যাচে ২৫.৪২ গড়ে উইকেট ১১৩টি।