বুমরাকে হারিয়ে দিলেন মালিঙ্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা। ফাইল ছবি
শ্রীলঙ্কার ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা। ফাইল ছবি

ক্রিকেট বন্ধ। ক্রিকেটাররা সবাই ঘরবন্দী। বিশ্বজোড়া ক্রিকেট প্রেমীদের রাত-দিন কাটছে ক্রিকেট ছাড়াই। করোনার এই কালে ক্রিকেটপ্রেমীদের ব্যস্ত রাখতে আইসিসি একটা ব্যবস্থা অবশ্য করেছে। প্রায় প্রতিদিনই টুইটারের মাধ্যমে একটি করে জরিপ চালাচ্ছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

আজ যেমন জরিপের বিষয় ছিল, আন্তর্জাতিক ক্রিকেটে ইয়র্কারের রাজা কে?। জরিপটি যে বর্তমান তারকা বোলারদের নিয়ে করেছে আইসিসি, সেটা বোঝা যায় টুইটারে দেওয়া ছবিটি দেখে। চারজনের ছবি দেওয়া হয়েছে। তাতে আছেন ভারতের পেসার যশপ্রীত বুমরা, শ্রীলঙ্কার ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা, ওয়েস্ট ইন্ডিজের শেলডন কটরেল ও অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।

চারজনের একটি কোলাজ ছবি দিয়ে আইসিসি লিখেছে, ‌‘আন্তর্জাতিক ক্রিকেটে সেরা ইয়র্কার কার?’ ছবিটি দেওয়ার সঙ্গে সঙ্গেই উত্তর আসতে শুরু করে। একেকজন একেকজনকে বেছে নিয়েছেন। সবচেয়ে বেশি ভোট পড়েছে মালিঙ্গার ব্যালটেই। এরপরই আছেন ২০১৯ বিশ্বকাপে ইয়র্কারের পসরা মেলে ধরা বুমরা।

এর আগে সেরা সেঞ্চুরি উদ্‌যাপন নিয়ে একটি জরিপ করেছিল আইসিসি। যেটিতে বিরাট কোহলি আর ক্রিস গেইলদের পেছনে ফেলে সবার ওপরে ছিলেন পাকিস্তানের ব্যাটসম্যান বাবর আজম।