বুমরাকেই বড় চ্যালেঞ্জ মনে করছেন পন্টিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিকি পন্টিং। এএফপি ফাইল ছবি
রিকি পন্টিং। এএফপি ফাইল ছবি

বর্তমান সময়ে ওয়ানডেতে সেরা বোলারদের নাম নিতে গেলে যশপ্রীত বুমরার নাম আসবে একদম ওপরের দিকেই। র‌্যাঙ্কিংয়েও আছে তার প্রতিফলন, ওয়ানডেতে এখন র‌্যাঙ্কিং সেরা বোলার বুমরাই। রিকি পন্টিংয়ের কণ্ঠেও ঝরল তাঁর প্রতি সমীহ। বুমরাই হবেন অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এমনটাই বলছেন দুবার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

টানা দুই ম্যাচজয়ী অস্ট্রেলিয়া কাল মুখোমুখি হবে ভারতের। কিন্তু বুমরা এখন যে ফর্মে আছেন, তাঁকে নিয়ে আলাদা করে ভাবছে প্রতিটি দলই। নিজেদের তৃতীয় ম্যাচের আগে বুমরাকে নিয়ে উদ্বেগের কথা লুকোনোর চেষ্টা করেননি পন্টিংও। বরং ভারতীয় পেসারের প্রশংসাই করেছেন সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক।

অধিনায়ক হিসেবে দুবার ক্রিকেট বিশ্বকাপ জেতা পন্টিং অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের সতর্ক করে দিয়ে বলেছেন, ‘লাল বল হোক বা সাদা বল, সে (বুমরা) যে এই মুহূর্তে বিশ্বের সেরা বোলারদের একজন, এটা এত দিনে সবাই জেনে গেছে। সে গতি দিয়ে ব্যাটসম্যানকে চমকে দিতে পারে। বলের ওপর তার নিয়ন্ত্রণ অসাধারণ, যে কারণে সে এখন সেরা বোলারদের একজন। অস্ট্রেলিয়াকে বুমরার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। আমি নিশ্চিত, আমাদের ব্যাটসম্যানরা ওর জন্য প্রস্তুত হয়েই নামবে।’

শুধু বুমরা নন, ভারতের দুই স্পিনার যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদবও অস্ট্রেলিয়াকে বিপাকে ফেলতে পারেন, এমন শঙ্কাও আছে পন্টিংয়ের, ‘ভারতের স্পিনাররাও হুমকির কারণ হতে পারে। আগের ম্যাচে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) দুজনই ভালো করেছে। মানসিকভাবে আমাদের প্রস্তুত থাকতে হবে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতলেও শর্ট বল যেভাবে সামলেছেন অস্ট্রেলীয় ব্যাটসম্যানরা, সেটি ঠিক পছন্দ হয়নি পন্টিংয়ের। আগের ম্যাচে আন্দ্রে রাসেলের বাউন্সার দুবার উসমান খাজার হেলমেটে লেগেছে। শর্ট বল খেলে খেলে যে ব্যাটসম্যানরা বেড়ে উঠেছেন, তাদের আর নতুন করে শর্ট বল খেলার টেকনিক শেখানোর কিছু নেই। সহকারী কোচ হিসেবে দলের সঙ্গে থাকা পন্টিং তাই ব্যাটসম্যানদের মনস্তত্ত্ব নিয়ে কাজ করার পক্ষে, ‘এটা এখন আমার দায়িত্বের বড় অংশ। আমি নিশ্চয়ই এখন ওদের কভার ড্রাইভ বা পুল শট খেলা শেখাব না। আমি জানি, ব্যাটসম্যানদের মনের ভেতর এ সময় কী চলে। আমি যদি ওদের ভিন্নভাবে চিন্তা করিয়ে এই অবস্থা থেকে বের করে আনতে পারি, সেটাই হবে আমার বড় সাফল্য।’