বুমরার সঙ্গে ‘মিটমাট’ করতে চাননি অ্যান্ডারসন
৫ দিন, ১৫ সেশন। তবে টেস্ট ম্যাচের দৃশ্যপট বদলে যেতে হয়তো প্রয়োজন পড়ে শুধু একটা সেশন, একটা ঘণ্টা, একটা বল। অথবা স্রেফ কয়েকটা কথা! লর্ডসে ইংল্যান্ড-ভারতের সিরিজের দ্বিতীয় টেস্টে হয়েছে এমনই। শেষ দিনে উজ্জীবিত ভারত সিরিজে এগিয়ে যাওয়ার পথে গুঁড়িয়ে দিয়েছে ইংল্যান্ডকে। পঞ্চম দিনে ইংল্যান্ডকে অল-আউট করতে ভারতের হাতে ছিল মাত্র ৬০ ওভার। তবে বিরাট কোহলির দল কাজ সেরেছে ৮.১ ওভার বাকি রেখেই।
মাঠে ইংলিশ ক্রিকেটারদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় ভারতকে জ্বলে উঠতে সহায়তা করেছে—কোহলি ম্যাচ শেষেই বলেছিলেন সেটি। তবে পঞ্চম দিনে ভারতের অমন পারফরম্যান্সের পেছনে আছে জেমস অ্যান্ডারসনেরও হাত! সেটিও আবার তৃতীয় দিনের সময়! জশপ্রিত বুমরার সঙ্গে ইংল্যান্ডের অভিজ্ঞ পেসারের ‘আচরণ’–ই যে তাতিয়ে দিয়েছিল ভারতকে।
প্রথম ইনিংসে ২৭ রানের লিড নেওয়ার পথে ইংল্যান্ড করেছিল ৩৯১ রান। শেষ ব্যাটসম্যান হিসেবে অ্যান্ডারসন ক্রিজে এসেই পড়েছিলেন বুমরার বাউন্সারের তোপে। এক ওভারে চারটি নো-বল করেছিলেন বুমরা, করছিলেন টানা শর্ট বল। তাঁর বাউন্সার শুরুতেই আঘাত করেছিল অ্যান্ডারসনের হেলমেটেও। সে সময় বুমরা কেন অত গতিতে বোলিং করছিলেন, অ্যান্ডারসন নাকি প্রশ্ন তুলেছিলেন সেটি নিয়েও।
নিজের ইউটিউব চ্যানেলে ভারতের অফস্পিনার রবিচন্দ্রন আশ্বিন জানিয়েছেন, ‘ব্যাপারটা হচ্ছে—অ্যান্ডারসনের ভাব দেখে মনে হচ্ছিল, সে বলছে, “আমাকে এত জোরে বোলিং করছ কেন? আমি তো তোমাকে এত জোরে করি না! এতক্ষণ ঘণ্টায় ৮০ মাইল গতিতে করছিলে, এখন এসে কেন সেটা ৯০ মাইল হয়ে যাচ্ছে?”
অবশ্য অ্যান্ডারসনের এমন বলার পেছনে ক্রিকেটের একটা পুরোনো অলিখিত রীতির কথা বলেছেন ভারতের ফিল্ডিং কোচ রামাকৃষ্ণান শ্রীধর, ‘আসলে পেসারদের মাঝে একটা অলিখিত নিয়ম ছিল আগে। একজন ব্যাটিংয়ে এলে অন্য পেসার জোরে করবে না, বাউন্সার করবে না। ফুল লেংথে বল করে আউট করার চেষ্টা করবে। তবে সে রীতি নেই এখন আর। সে নিয়ম যে দালানের ওপর ভর করে গড়ে উঠেছিল, সেটা ধসে গেছে আরও আগেই।’
অন্যদিকে অপরাজিত অধিনায়ক জো রুট থাকলেও মুখোমুখি হওয়া ১৬তম ডেলিভারিতে মোহাম্মদ শামির বলে বোল্ড হয়েছিলেন অ্যান্ডারসন, কোনো রান না করেই। এরপরই বুমরা অ্যান্ডারসনের সঙ্গে ‘মিটমাট’ করে নিতে চেয়েছিলেন সব, জানিয়েছেন শ্রীধর, ‘বুমরা অবশ্যই ছেড়ে দেবার পাত্র নয়। তবে ইচ্ছা করে কাউকে আঘাত করার মানুষ তো নয় সে। ইনিংস শেষে ড্রেসিংরুমে ফেরার পথে তাই জিমির (অ্যান্ডারসন) কাছে গিয়ে বুমরা বলতে চেয়েছিল, ইচ্ছা করে করেনি অমন। আমরা তো জানি—বুমরা ভালো একটা মানুষ।’
তবে অ্যান্ডারসন পাত্তা দেননি বুমরাকে, ‘সে কথা বলতে গিয়েছিল। সবকিছু ওখানেই শেষ করতে চেয়েছিল। তবে অ্যান্ডারসন (কথা না শুনে) তাকে সরিয়ে দিয়েছে।’
বুমরার সঙ্গে এমন ব্যবহারই ভারতকে আরও আগুনে করে তুলেছিল বলেও মনে করেন শ্রীধর, ‘ওই ব্যাপারটা পুরো দলকে ঐক্যবদ্ধ করল। আগে এমন ছিল না, তা নয়। তবে এটা যেন নতুন করে একটা আগুন জ্বেলে দিল। সেটার প্রভাবই দেখা গেছে পঞ্চম দিনে।’
শেষ দিন সকালে ঋষভ পন্তের পর ইশান্ত শর্মাকেও দ্রুত হারিয়ে চাপে পড়েছিল ভারত। তবে ৯ম উইকেটে মোহাম্মদ শামি ও বুমরা মিলে যোগ করেছিলেন ৮৯ রান। শুরুতে এ জুটিকে ক্রমাগত শর্ট বল করে যাওয়ার চেষ্টা করেছিলেন ইংল্যান্ড পেসাররা। হয়তো অ্যান্ডারসন যেটার শিকার হয়েছিলেন আগের ইনিংসে, সেটাই ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন! তবে খানিক বাদেই বুমেরাং হয়ে গেছে তাঁদের সে কৌশল, ম্যাচেরও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে ইংল্যান্ড।
শেষ পর্যন্ত ম্যাচ বাঁচাতে পারেনি তারা। ইংল্যান্ডের ১০ উইকেটই নিয়েছেন ভারতের পেসাররা। ৩৩ রানে ৩ উইকেট নিয়েছেন বুমরা। এবারও শেষটা হয়েছে অ্যান্ডারসনকে দিয়েই। মোহাম্মদ সিরাজের বলে এবারও কোনো রান না করেই বোল্ড হয়েছেন তিনি। তবে অ্যান্ডারসন যদি তৃতীয় দিন বুমরার সঙ্গে ব্যাপারটা ‘মিটমাট’ করে নিতেন! হয়তো টেস্টের শেষটা হতো অন্য রকম!