বুলেটপ্রুফ বাস কিনছে পিসিবি

সাত বছর ধরে দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ থেকে তারা প্রায় বঞ্চিত। শুধু গত বছর জিম্বাবুয়ের সঙ্গে একটা সিরিজ হয়েছে লাহোরে, এর বাইরে ২০০৯ সালের পর আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের ‘হোম’ ম্যাচের ঠিকানা মূলত সংযুক্ত আরব আমিরাত। ক্রিকেটকে এবার নিজেদের ঘরে ফেরাতে নতুন এক উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অতিথিদের নিরাপত্তার ‘সবচেয়ে ভালো উপায়’ নিশ্চিত করতে পিসিবি কিনেছে চারটি বুলেটপ্রুফ বাস।
২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার ঘটনার পরেই পাকিস্তান থেকে আন্তর্জাতিক ক্রিকেট একররকম নির্বাসিত। ওই হামলায় পাঁচ ক্রিকেটার তো আহত হয়েছিলেনই, প্রাণ হারিয়েছিলেন ছয়জন নিরাপত্তাকর্মী ও দুই বেসামরিক মানুষ। গত বছর মে মাসে জিম্বাবুয়ে এসেছিল আতিথ্য নিতে, এ ছাড়া গত সাত বছরে আর কোনো দল পাকিস্তানে আসতে রাজি হয়নি। জীবনের হুমকি নিয়ে কে-ই বা ক্রিকেট খেলতে চায়!
সংযুক্ত আরব আমিরাতে তাদের ‘হোম সিরিজগুলো’ হচ্ছে ঠিকই। কিন্তু ঘরের মাটিতে নিজের দর্শকদের সামনে খেলা আর পরভূমে খেলার স্বাদ তো আর এক হতে পারে না! পাশাপাশি আর্থিক ক্ষতির বিষয়টা তো আছেই। অতিথিদের পাকিস্তানে আসতে আরও নিরাপত্তার নিশ্চয়তা দিতেই এই উদ্যোগ পিসিবির। পিসিবির একজন মুখপাত্র ক্রিকইনফোকে বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট দেশে ফেরানোর উদ্যোগের অংশ হিসেবেই আমরা এই চারটি কোস্টার বাস কিনেছি। পাকিস্তানে আসা দলগুলোর (নিরাপত্তা নিয়ে) প্রত্যাশা অনেক বেশি থাকবে। আমরাও তাঁদের জন্য সবচেয়ে ভালো ব্যবস্থা নিশ্চিত করতে চাই।’
পিসিবির আশা, সরকার তো নিরাপত্তা নিশ্চিত করবেই, এই বাসগুলো বাড়তি মাত্রা যোগ করবে নিরাপত্তায়। উদ্যোগটা অবশ্য নেওয়া হয়েছিল ২০১২ সালে, জাকা আশরাফ বোর্ডের চেয়ারম্যান থাকার সময়ে। কিন্তু পিসিবিতে নেতৃত্বের বদলের সঙ্গে প্রস্তাবটি ঝুলে যায়। নাজাম শেঠির উদ্যোগে গত বছর চূড়ান্ত অনুমোদন পায় উদ্যোগটি। সূত্র: ক্রিকইনফো।