বুড়ো আঙুল জ্বালিয়েই যাবে ওয়ার্নারকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভিড ওয়ার্নার ছবি: এএফপি।
ডেভিড ওয়ার্নার ছবি: এএফপি।

তাঁর বুড়ো আঙুল ভেঙেছে গত সেপ্টেম্বরে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে স্টিভেন ফিনের একটি বাউন্সারই করেছিল সর্বনাশটা। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ আসন্ন। আঙুলের চোট প্রায় সেরেই গেছে, কিন্তু ডেভিড ওয়ার্নার মেনেই নিয়েছেন, বাঁ হাতের এই বুড়ো আঙুলটা আজীবনই ভোগাবে তাঁকে। ব্যথা নিয়েই খেলতে হবে বাকি ক্যারিয়ার।
তবে এটা নিয়ে ওয়ার্নার যে খুব চিন্তায় কাতর, এমন নয়। চোট পাওয়া ওই বুড়ো আঙুল ব্যাটিংয়ে খুব একটা সমস্যা করবে না বলেই মনে করেন অস্ট্রেলিয়ার ডাকাবুকো ওপেনার।
সেপ্টেম্বরে পাওয়া এই চোট অক্টোবরে বাতিল হয়ে যাওয়া বাংলাদেশ সফরের দল থেকে সরিয়ে রেখেছিল ওয়ার্নারকে। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে খেলা নিয়ে খুব একটা সংশয় নেই। খেলছেন আগামীকাল শুরু শেফিল্ড ​শিল্ডের ম্যাচেও। এই ম্যাচের আগে বলেছেন, ‘এখনো পর্যন্ত সবকিছুই ঠিকঠাক। এখন অনুশীলন বা ব্যাটিংয়ের সময় আঙুলে নতুন করে ব্যথা না পেলেই হলো! এই একটা ব্যাপারই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে আমার দলে ফেরা আটকাতে পারে। দুই সপ্তাহ আগে ডাক্তার বলেছিলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দুই-একদিন আগেই আমার আঙুলের ব্যথা ভালো হয়ে যাবে।’
বুড়ো আঙুলে চোটটা গত বছর ভারতের বিপক্ষে ব্রিসবেন টেস্টেই পেয়েছিলেন। ফিনের বাউন্সারটা আগের চোটের জায়গা​য় লাগাতেই হয়েছে সর্বনাশ। ব্যথাটা তাঁকে ভবিষ্যতেও বয়ে নিয়ে বেড়াতে হবে বলেই শঙ্কা তাঁর, ‘ব্যথাটা আমার সহ্য করেই যেতে হবে। এ নিয়ে আমি কোনো অনুযোগ করছি না, যেকোনো উইকেটরক্ষকের সঙ্গে কথা বললেই জানবেন, তারা ভাঙা আঙুল নিয়েই পুরো ক্যারিয়ার পার করে দেয়।’
তবে প্রশ্ন একটা উঠবেই। আঙুলের এই চোট কি ওয়ার্নারের মনে চিরদিনের জন্য একটা নেতিবাচক প্রভাব তৈরি করে দিল! এখন কি তবে ব্যাটিংয়ের সময় আঙুলে নতুন করে আঘাত পাওয়ার আতঙ্ক কাজ করবে তাঁর মনে? ওয়ার্নার ব্যাটিংয়ে অবলীলায় চার-ছক্কা মারার ঢঙেই উড়িয়ে দিলেন কথাটা, ‘আমি কখনো আঘাত পাওয়া নিয়ে চিন্তিত নই। ক্রিকেট খেলাটাই এমন, সব সময়ই ইতিবাচক মানসিকতা নিয়েই আপনাকে মাঠে নামতে হবে।’ সূত্র: এএফপি।